মুন্সীগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫ ২০:৫২ পিএম
মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির খসড়া মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে একাংশের নেতাকর্মীরা। শনিবার (২২ নভেম্বর) শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে সমাবেশ ও পরে সড়কে বিক্ষোভ মিছিল বের করেন তারা।
এতে অংশ নেয় মুন্সীগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত সপু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন ও সাবেক উপজেলা চেয়ারম্যান মমিন আলী পক্ষের নেতাকর্মীরা।
উপজেলা স্টেডিয়াম থেকে মিছিলটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি পৌঁছে। সেখানে কর্মীরা কিছু সময় সড়ক অবরোধ করে। পরে পুলিশ ও মনোনয়ন প্রত্যাশীরা কর্মীদের নিবৃত্ত করলে সড়ক ছেড়ে যায় বিক্ষোভকারী। এতে সাময়িক যানচলাচল ব্যাহত হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, দীর্ঘ ১৭ বছর আসনটিতে নেতাকর্মীরা মামলা হামলার শিকার হয়েছে, অনেকে ঠিকমত বাড়িতে থাকতে পারেনি। দীর্ঘদিন পর নির্বাচনে এবার যোগ্য নেতাকে মনোনয়নের দাবি করেন বিক্ষোভকারীরা। কিন্তু দল থেকে আওয়ামীলীগ ঘেষা শেখ মোঃ আব্দুল্লাহকে মনোনয়ন দেওয়া হয়েছে। ফলে নেতাকর্মীদের মধ্যে বিভেদ দেখা দিয়েছে। দ্রুত সঠিক বিবেচনার মাধ্যমে যোগ্য নেতৃত্বকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।