প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ০০:১০ এএম
ফাইল ফটো
দেশব্যাপী আওয়ামী লীগের হয়রানিমূলক মামলা তুলে নেওয়ার বিষয়ে কোনো বক্তব্য করিনি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়— মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁওয়ের নিজ এলাকায় বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে আমরা সেভাবে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে।’
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলাধীন সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় দেওয়া আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে-যা অত্যন্ত দুঃখজনক। আমি আমার বক্তব্যে বলেছি যে, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না।’
বিবৃতিতে মির্জা ফখরুল আরও বলেন, ‘আমি আমার দেওয়া বক্তব্যে আরও বলেছি যে, এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নেব। কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি। দেশের জনগণ ও দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি।’