রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ১৯:০৫ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫ ২০:৩২ পিএম
সিরাজগঞ্জের রায়গঞ্জে দ্রুতগামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কৃষক দলের দুই নেতা নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুড়কা নাহার এগ্রো কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই দক্ষিণপাড়া গ্রামের মৃত বিরু শেখের ছেলে মো. ওমর ফারুক (৩৮) এবং ডুমরাই মধ্যপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে ফরিদুল ইসলাম। নিহতদের মধ্যে ওমর ফারুক ৭ নম্বর ওয়ার্ড কৃষক দলের দপ্তর সম্পাদক এবং ফরিদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওমর ফারুক ও ফরিদুল ইসলাম মোটরসাইকেলে ভূঁইয়াগাঁতী থেকে হাটিকুমরুলের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তারা। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেলের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। ঘাতক যানটি শনাক্ত ও চালককে আটক করার চেষ্টা চলছে।
এদিকে, বিএনপির দুই কর্মীর মৃত্যুতে রায়গঞ্জ উপজেলা বিএনপি গভীর শোক প্রকাশ করেছে। উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।