প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ০০:১৩ এএম
ঢাকা-১২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। এ সময় তারা ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা আনোয়ারুজ্জামানকে প্রার্থী করার দাবি জানান।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে থেকে কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কারওয়ান বাজার হয়ে সোনারগাঁও সার্ক ফোয়ারার সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
আনোয়ারুজ্জামান আনোয়ার ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি ঢাকা সিটি করপোরেশনের এ এলাকার সাবেক কাউন্সিলর।
এর আগে সোমবার (৩ নভেম্বর) প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। সেখানে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল ও শেরেবাংলা নগরের একাংশ নিয়ে গঠিত ঢাকা-১২ আসনে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল আলম নীরবকে প্রার্থী ঘোষণা করা হয়। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ছিলেন।
তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠার পর মহানগর উত্তরের কমিটি ভেঙে দেওয়া হয়। এখন তাকে প্রার্থী ঘোষণা করায় দলের নেতাকর্মী ও সমর্থকদের বড় একটি অংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।