মেহেরপুর প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ২১:৪৪ পিএম
মেহেরপুরের গাংনীতে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন সমর্থিত নেতাকর্মীরা। সোমবার (১ নভেম্বর) রাত আটটার দিকে শহরের বিভিন্ন সড়ক ঘুরে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় নেতাকর্মীরা ‘অবৈধ মনোনয়ন মানিনা’ বলে স্লোগান দিতে থাকেন।
এর আগে সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন। সেখানে মেহেরপুর-২ (গাংনী উপজেলা) আসনের দলীয় প্রার্থী হিসেবে আমজাদ হোসেনের নাম ঘোষণা করা হয়।
ঘোষণার পরপরই ক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসে মিল্টনপন্থীরা। তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ তৈরি করে বিক্ষোভ প্রদর্শন করে।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে মাঠে থেকে সংগঠনকে ধরে রেখেছেন জাবেদ মাসুদ মিল্টন। মামলা, হামলা, নিপীড়নসহ নানা প্রতিকূল অবস্থায়ও তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন। অথচ মাঠে অনুপস্থিত একজনকে হঠাৎ মনোনয়ন দেওয়া হয়েছে। এ কারণে তারা মনোনয়ন পরিবর্তনের দাবি তুলছেন।
সমর্থকরা আরও মনোনয়ন পরিবর্তন না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।