প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ১৩:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চারজনের বিচার শুরু হয়েছে। পলাতক থাকায় তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
রবিবার (২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
প্যানেলের অন্য দুই সদস্য হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
হানিফ ছাড়াও মামলার অপর আসামিরা হলেন- কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা।
৫ অক্টোবর প্রসিকিউশন তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। অভিযোগে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। যার মধ্যে রয়েছে উসকানিমূলক বক্তব্য দেওয়া, ষড়যন্ত্র করা এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা করা। ৬ অক্টোবর ট্রাইব্যুনাল-২ এই অভিযোগগুলো আমলে নেয় এবং হাজিরার নির্দেশ জারি করে। তবে ১৪ অক্টোবর হানিফসহ চারজন হাজির না হওয়ায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকালে কুষ্টিয়ায় ছয়জন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। ঘটনার পর হাসানুল হক ইনু ও মাহবুব-উল আলম হানিফসহ পাঁচজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের হয়। পরে তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করে।