প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫ ১৮:৫০ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পৃথকভাবে গণভোট আয়োজন করলে অতিরিক্ত এক হাজার কোটি টাকা ব্যয় হবে। আমরা বলেছি যে জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হতে হবে।
শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি নির্বাচনমুখী দল। গণ-অভ্যুত্থানের তিন মাসের মধ্যে যদি নির্বাচন অনুষ্ঠিত হতো, তাহলে কোনো অপশক্তিই মাথাচাড়া দিয়ে উঠতে পারত না।
তিনি আরও বলেন, আমাদের ৩১ দফায় সব সংস্কার স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আমরা সংস্কারের পক্ষে। পরবর্তী সংসদ সিদ্ধান্ত নেবে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা বাস্তবায়িত হবে কি না। কিন্তু জনগণকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে এই বলে যে পিআর ছাড়া নির্বাচন হবে না।
প্রবীণ এই বিএনপি নেতা মহান মুক্তিযুদ্ধে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান এবং স্বাধীনতা-উত্তরকালে জাতি গঠনে তার ভূমিকার কথাও তুলে ধরেন।
তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধকে ছোট করে চব্বিশের আন্দোলনকে বড় করে দেখাতে চায়। আমরা বিভাজন চাই না, কিন্তু কেউ কেউ ইচ্ছাকৃতভাবে বিভাজন তৈরি করতে চাইছে। একাত্তরকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই—কারণ এটি আমাদের অস্তিত্বের ভিত্তি।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা এখন ভারতে বসে বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। আমি ভারত সরকারকে আহ্বান জানাই—তাকে বাংলাদেশে ফিরিয়ে দিন, কারণ তাকে বিচারের মুখোমুখি হতে হবে।