পঞ্চগড়ে পথসভায় বিদ্যুৎ বিভ্রাট
পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫ ১৪:৪৪ পিএম
দুর্নীতি ও চাঁদাবাজবিরোধী লংমার্চ শেষে পথসভায় বক্তব্যের সময় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় নেসকোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (১১ অক্টোবর) রাতে পঞ্চগড় জেলা শহরের শেরেবাংলা পার্কের জুলাই স্মৃতিস্তম্ভে সমাপনী পথসভায় তিনি এই হুমকি দেন।
সারজিস আলম বলেন, এক বার নয়, দুই বার নয়, এবার নিয়ে তিনবার এনসিপির অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে। এনসিপির প্রোগ্রামের সময় এটা হয় কেন? একদিন হয়তো দুইদিন কিছু বলতাম না। কিন্তু আজ নিয়ে তিনদিনই এটা হইছে। যারা এই কাজ করেছে, তারা হচ্ছে রাজনৈতিক বেশ্যা, রাজনৈতিক দেউলিয়াদেরকে আমরা দেখে নেবো। এরপর দেখবো পঞ্চগড়ের নেসকোর দায়িত্বে কে আছে।
তিনি বলেন, আমরা মনে করি, আপনারা রাজনৈতিক দেউলিয়া। আপনারা রাজনৈতিক চাটুকার। আপনারা একেকজন রাজনৈতিক তোষামোদকারী পা চাটা। এজন্য এনসিপির প্রোগ্রামের সময় প্রত্যেকবার এইটা হয়। আমি সারজিস আলম এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি, এরপর থেকে যদি কোনো প্রতিষ্ঠান পঞ্চগড়ে রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করে, ওই প্রতিষ্ঠান এখানে থাকবে না। এটা আমার নিজের কমিটমেন্ট।
এর আগে দুপুর থেকে এই লংমার্চ কর্মসূচিতে দেড় থেকে দুই হাজারের মত মোটরসাইকেল নিয়ে নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এই লংমার্চ জেলার পাঁচ উপজেলা প্রদক্ষিণ করে। রাতে জেলা শহরে জুলাই স্মৃতি স্তম্ভে এই সমাপনী পথসভা আয়োজন করা হয়। এসময় সারজিস আলম বক্তব্য শুরু করলে কয়েক মিনিটের মাথায় বিদ্যুৎ চলে যায়। তবে তার বক্তব্য চলাকালীন আবারও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।