চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫ ১৫:০০ পিএম
প্রবা ফটো
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়ে লাখ লাখ মানুষের ওপর ঝুলুম, নির্যাতন এবং হয়রানি করা হয়েছে। সেই সরকার ২০২৪’র গণঅভ্যুত্থানের সময়ে পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করেছে, লাশ পুড়িয়ে ফেলেছে, শিশুদের হত্যা করেছে, হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষকে হত্যা করেছে। জুলাই-আগস্ট বিপ্লবের নারকীয় হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত এবং দৃশ্যমান করতে হবে। এই বিচার প্রতিষ্ঠিত করার আমাদের আন্দোলন চলতে থাকবে।
শনিবার (১১ অক্টোবর) সকালে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফেনী জেলার সাবেক আমির এ কে এম শামছুদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খাইরুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইসরাইল মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের নায়েবে আমির ইয়াছিন মজুমদার, সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, উপজেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী প্রমুখ।