রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩১ পিএম
প্রশাসেনর বিভিন্ন স্তরে আওয়ামী লীগের দোসররা অবস্থান করছে। অন্তর্বর্তীকালীন সরকার থাকা সত্ত্বেও অপরাধী দাপিয়ে বেড়াচ্ছে। তারা এই সরকারকে নস্যাৎ করতে পরিকল্পিত প্রচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রদলের সাবেক নেতাকে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে সহায়তা প্রদান শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, বিগত সময় চারজনের পরামর্শে শেখ হাসিনা সকল অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে গেছেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় তাদের পরামর্শে ছাত্র-জনতাকে গুলি করে, বোমা মেরে হত্যা করা হয়েছে।
এর আগে, ‘আমরা বিএনপি পরিবারের’ প্রতিনিধি দলের প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী, আহত ভুলতা ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের ছাত্রদলের সাবেক সভাপতি দোলন ভূঁইয়ার স্বাস্থ্যের সার্বিক খোঁজখবর নেন। পরে তিনি তার হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোমিন মিথুন সহ-সংগঠনের সদস্যরা। এছাড়া জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর হাটাবো এলাকার পেপারটেক নামের একটি কাগজ তৈরি কারখানার বালু ভরাটকে কেন্দ্র করে ভুলতা ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ ও তার ভাতিজা দুলন ভূঁইয়াসহ তাদের লোকজনের সঙ্গে ভুলতা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক সেলিমসহ তার লোকজনের ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে দোলন ভূঁইয়াসহ উভয়েরপক্ষের ৮ জন আহত হয়। এছাড়া দুই পক্ষই আলাদা পাল্টাপাল্টি মামলা দায়ের করেন।