বাগেরহাট প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫২ পিএম
প্রবা ফটো।
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে জেলা নির্বাচন অফিসের সামনে দুদিন বিরতি দিয়ে ফের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে তাবু টানিয়ে অবস্থান নেন নেতাকর্মীরা।
এর আগে জেলা নির্বাচন অফিসের সামনের সড়কে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। এ কর্মসূচি দুপুর ১টা পর্যন্ত চলবে বলে জানান তারা।
সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব ও জামায়াতে ইসলামী বাংলাদেশের জেলা সেক্রেটারি শেখ মোহাম্মাদ ইউনুস বলেন, দুর্গাপূজা ও সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে হরতালের কর্মসূচি আপাতত বাতিল করা হয়েছে। তবে উচ্চ আদালত ইতোমধ্যে ১০ দিনের রুল জারি করেছেন। যতদিন পর্যন্ত ৪টি আসন ফিরে না পাব, ততদিন আন্দোলন চলবে।
সর্বদলীয় সম্মিলিত কমিটির কো কনভেনর ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, ৪টি আসন বহালের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছি আমরা, পালন করছে জনগন। বাগেরহাটের সাধারণ জনগণের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। দাবি আদায় না হলে দুর্গা পূজার পর কঠোর কর্মসূচি দেওয়া হবে।
উল্লেখ্য, গত ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয়। এরপর থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে। চারটি আসন বহাল রাখারদাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটবাসী। এরপরেও ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসনইজারি রেখে চুড়ান্ত গেজেট প্রকাশ করে।
চুড়ান্ত গেজেট অনুযায়ী ৩টি আসনের সীমনা- বাগেরহাট-১ (বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা) ও বাগেরহাট-৩ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা)।
দীর্ঘদিন থেকে ৪টি আসনে নির্বাচন হয়ে আসছিল। তখনকার সীমানা- বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট), বাগেরহাট-২(বাগেরহাট সদর-কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা)।