চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৩ পিএম
জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন চায়। যেখানে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। যেন তেন উপায়ে চাপিয়ে দেওয়া নির্বাচন জনগণ মেনে নেবে না।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা কেন্দ্র নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
জামায়াতের নায়েবে আমীর বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে ভারতীয় আধিপত্যবাদ, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে দেশপ্রেমিক ও ইসলামপ্রিয় জনগণের বিজয়ের নির্বাচন। নতুন স্বপ্নে, নব উদ্যমে নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। এই নির্বাচন হতে হবে সন্ত্রাস ও দখলদার মুক্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। তিনি প্রত্যেক ভোটারের কাছে দাঁড়িপাল্লার প্রতীকের আহ্বান পৌঁছে দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। তিনি আরও বলেন, দিন দিন জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে, বিপরীতে অন্য একটি দলের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। ওই দলটি সম্প্রতি হানিফ পরিবহনের কাউন্টার ভাঙচুর ও লুটপাট করেছে।
সমাবেশে জামায়াত নেতা আবুল কালাম মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মু. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান এবং বাতিসা ইউনিয়ন নির্বাচনের অঞ্চল পরিচালক মজিবুর রহমান ভুঁইয়া। সমাবেশটি যৌথভাবে পরিচালনা করেন জামায়াত নেতা মাস্টার কামাল উদ্দিন ও আবদুল কাইয়ুম মানিক।
এছাড়া বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের আমীর সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, জামায়াত নেতা এম. ইউসুফ, দেলোয়ার হোসেন মিন্টু ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মহসিন মজুমদার।