চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২০ পিএম
অধ্যাপক ড. ইউনুসকে দিয়ে কিছুই হবেনা উল্লেখ করে নির্বাচন দিয়ে তাকে বিদায় নেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা অধ্যাপক ড. এম এম আকাশ। ড. ইউনুসের উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনাকে দিয়ে আর কিছু হবে না। সংস্কার, বিচার নিয়ে আপনার কর্মকাণ্ড মানুষের মধ্যে আশা জাগাতে পারছে না। আপনি বরং তালবাহানা না করে নির্বাচন দিয়ে বাঘের পিঠ থেকে নেমে যান। সেটা আপনার জন্যও মঙ্গল, দেশের জন্য, জাতির জন্যও মঙ্গল।
শুক্রবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চট্টগ্রাম জেলা শাখার ত্রয়োদশ জেলা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. এম এম আকাশ এসব কথা বলেন।
সম্মেলনে তিনি বলেন, শেখ হাসিনার পতনের পর ছাত্রদের ইচ্ছায় অধ্যাপক ড. ইউনূস সরকার প্রধানের দায়িত্ব নেয়ায় কমিউনিস্ট পার্টিসহ দেশের রাজনৈতিক দলগুলো তাকে সমর্থন দিয়েছিল। প্রত্যাশা ছিল গ্রহণযোগ্য সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে দিবেন তিনি। কিন্তু আমরা দেখলাম, ইউনুস সেই পথে গেলেন না, তিনি অপ্রত্যক্ষভাবে রাজনৈতিক দল বানানোর কৌশল নিলেন। বন্দরকে বিদেশিদের হাতে দেয়ার প্রক্রিয়া শুরু করলেন। করিডোর দেওয়ার উদ্যোগ নিলেন।
ইউনুস সরকারের কাজে হতাশা প্রকাশ করে তিনি বলেন, এ সরকার সংস্কারের নামে সাত হাজার পৃষ্ঠার দলিল রচনা করেছে। এ অবস্থায় দেশের মানুষ নির্বাচন নিয়ে হতাশ হতে লাগল, নির্বাচন হবে কী হবে না, সেই প্রশ্ন দেখা দিল। প্রশ্ন উঠল ইউনুস কার, কোন অ্যাসাইনমেন্ট নিয়ে ক্ষমতায় বসেছেন? উনি যে বাঘের পিঠে সওয়ার হয়েছেন, সেখান থেকে কীভাবে নামবেন বুঝতে পারছেন না।
দেশে কখনও গণতন্ত্র ছিলনা উল্লেখ করে তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার দেশের মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী পার্টির উত্তরসূরী হলেও তারা মুক্তিযুদ্ধের পতাকা ফেলে দিয়েছিল। রাজাকারদের সাথে আপোষ করেছিল। এজন্য আজকে আমরা রাজাকারদের মুখবেদনকারী হাসি আমরা দেখতে পাচ্ছি। এখন তারা ক্ষমতায়ও এসে যেতে চাচ্ছে। পাকিস্তানের মন্ত্রী এসে এদেশের মানুষকে সবক দেওয়ার দু:সাহস দেখায়।
সিপিবি মুক্তিযুদ্ধ আর বাহাত্তরের সংবিধানের প্রশ্নে কোনো আপস করবে না মন্তব্য করে এম এম আকাশ বলেন, রাজাকার-আলবদরদের কাছ থেকে মুক্তিযুদ্ধের বাংলাদেশ আমরা রক্ষা করব। এই বাংলাদেশ হবে গরীব, মেহনতি, খেটে খাওয়া মানুষের। পাকিস্তানের ২২ পরিবারের মতো সালমান রহমান আর এস আলমের বাংলাদেশ আমরা চাই না।
চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অধ্যাপক অশোক সাহার সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় সদস্য মৃণাল চৌধুরী ও চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর। সম্মেলনের উদ্বোধনী সমাবেশ শেষে লাল পতাকার মিছিল বের হয়। এরপর নগরীর কাজির দেউড়িতে একটি কমিউনিটি সেন্টারে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়।