টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫ ২১:৪২ পিএম
অন্তর্বর্তী সরকার প্রথম থেকেই একটি জটিল অর্থনৈতিক পরিস্থিতিতে পড়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার প্রথম থেকেই একটা জটিল অর্থনৈতিক পরিস্থিতিতে পড়েছে। অর্থনীতি পরিস্থিতি এটা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। শ্বেতপত্রের ভেতর দিয়ে সেটা আমরা প্রকাশ করার চেষ্টা করেছি। মূল্যস্ফীতি যতটুকু কমেছিল বর্তমানে সেটা আবার ঊর্ধ্বমুখী হচ্ছে। সেটা আমরা দেখতে পাচ্ছি।
শুক্রবার (২৯ আগস্ট) বিকালে টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষার মানউন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনীতির অবস্থা কোনোভাবেই খারাপ হতে দেয়া যাবে না। সবাই এখন নির্বাচন, সনদ ও সংবিধান নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এটার কারণে বিনিয়োগ, কর্মসংস্থান ও মজুরি এগুলো নজর দেয়া কম হচ্ছে, সেদিকেই আমরা দৃষ্টি আকর্ষণ করছি।
তিনি বলেন, বাংলাদেশকে যদি উন্নয়নের পরবর্তী পর্যায়ে নিতে হয়, তাহলে মানসম্পন্ন শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। বিগত সময়ে যে সমস্ত শিক্ষার্থী পাস করেছে, সে পরিমাণে তারা গুণগত শিক্ষা পায়নি। সেখানে বড় ধরনের ফাঁক ছিল। এবার মাধ্যমিক পরীক্ষার ভেতর দিয়ে সেই ফাঁকটি ধরা পড়েছে।
ইউনিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল হামিদ। উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয়ের উপসচিব এসএম জাহাঙ্গীর হোসেন। এতে বক্তব্য দেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর ও লুৎফর রহমান মতিন মহিলা কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম প্রমুখ।