প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২ ১৫:১৭ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২২ ১৬:০১ পিএম
সংসদ থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি : প্রবা
সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে রবিবার (১১ ডিসেম্বর) বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগপত্র জমা দেওয়ার কথা ছিল। তবে এদিন সশরীরে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন পাঁচ সংসদ সদস্য। এদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার গুরুতর অসুস্থ থাকায় ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ দেশের বাইরে থাকায় তারা স্পিকারের কাছে যেতে পারেননি। এই দুই সংসদ সদস্য পদত্যাগপত্রে স্বাক্ষর করে ইমেইলে স্পিকারের কাছে ও দলের হুইপ রুমিন ফারহানার মাধ্যমে সংসদে পাঠিয়েছেন।
রবিবার দুপুরে বিএনপি দলীয় সাত সংসদ সদস্যের পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। একই সঙ্গে বিএনপির দুই এমপির পদত্যাগ কার্যকর হয়নি কেন, সেটিও জানিয়েছেন তিনি।
সংবিধানের ধারা উল্লেখ করে স্পিকার বলেন, ‘পদত্যাগপত্র সশরীরে এসে জমা দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যে পাঁচজন পদত্যাগপত্র নিয়ে এসেছেন তাদের আসন শূন্য হয়ে গেছে। বাকি দুটি আবেদনের সই যাচাই করা হবে এবং তারাই পদত্যাগপত্র পাঠিয়েছেন কি না, সংসদ সচিবালয় তা খোঁজ নেবে। তবে হারুনুর রশীদ পদত্যাগপত্র পাঠিয়েছেন ইমেইলে, তার সই স্ক্যান করে বসানো হয়েছে। এটা গ্রহণ করা হবে না, তাকে আবার পদত্যাগপত্র দিতে হবে।’
বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ মেয়ের সমাবর্তন উপলক্ষে অস্ট্রেলিয়ায় রয়েছেন বলে জানিয়েছেন তার স্ত্রী সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।
রবিবার স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়া পাঁচ সংসদ সদস্য হলেন বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত নারী আসনের ব্যারিস্টার রুমিন ফারহানা।
এদিন দুপুর সাড়ে ১২টায় সংসদ থেকে বের হয়ে এসে তারা পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানান। বেলা ১১টা ১০ মিনিটে পদত্যাগপত্র জমা দিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা দিয়ে প্রবেশ করেন ওই সংসদ সদস্যরা।
শিগগির বাকি দুই এমপি সশরীরে পদত্যাগপত্র জমা দেবেন বলে সংসদ থেকে বের হয়ে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপি হুইপ রুমিন ফারহানা।
শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে দলের ঢাকা বিভাগীয় গণসমাবেশে বিএনপির এমপিদের পদত্যাগের কথা জানানো হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সিদ্ধান্তে তাদের এই পদত্যাগ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট থেকে আটজন সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে বিএনপির ছয়জন এবং গণফোরামের দুজন।
বিএনপির ছয়জনের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন। তবে তিনি নির্ধারিত সময়ে শপথ না নেওয়ায় তার আসনে উপনির্বাচন হয় এবং সেখানে বিএনপির আরেক প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ জয় পান। এরপর সংরক্ষিত আসন থেকে রুমিন ফারহানা এমপি হলে বিএনপির সংসদ সদস্য সংখ্যা দাঁড়ায় সাতজনে।