বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:০২ এএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫০ এএম
মধুর ক্যান্টিনে বুধবার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দেন আহ্বায়ক আবু বাকের মজুমদার। প্রবা ফটো
ক্ষোভ-বিক্ষোভ নিয়েই আত্মপ্রকাশ করল ছাত্রদের নতুন সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’। নতুন এই ছাত্র সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান। একই সঙ্গে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিও প্রকাশ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। বেলা ৩টায় সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়ার কথা থাকলেও সংঘর্ষের কারণে তা দুই ঘণ্টা পিছিয়ে যায়।
ছাত্র সংগঠনটির আত্মপ্রকাশের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা মধুর ক্যান্টিনে জড়ো হন। বিকাল ৪টায় সেখানে উপস্থিত হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। তারা শিক্ষার্থী সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে নিজেদের পর্যাপ্ত সংখ্যক পদ দাবি করে বিক্ষোভ করেন। এ সময় তারা ‘প্রাইভেট-প্রাইভেট, বৈষম্য মানি না’; ‘ঢাবির কালো হাত, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও; ‘ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, সিন্ডিকেটের কমিটি মানি না মানব না’ইত্যাদি স্লোগান দেন।
নতুন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও ‘শিক্ষা ঐক্য মুক্তি’বলে স্লোগান দিতে থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি স্লোগানে একপর্যায়ে দুপক্ষে ধাক্কাধাক্কি ও সংঘর্ষ বেধে যায়। এ সময় নারীসহ বেশ কয়েকজন আহত হন।
এদিকে সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণার পর গতকাল সন্ধ্যায় পর আরেক দফা মারামারির ঘটনা ঘটে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মিশু আলি ও পেন্টিং অ্যান্ড পাবলিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. আকিব আল হাসান আহত হন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদেরকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
এভাবে দুপক্ষের শিক্ষার্থীদের ক্ষোভ-বিক্ষোভের মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের হাত ধরে যাত্রা শুরু করেছে নতুন সংগঠনটি।
কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদারকে। আর সদস্য সচিব হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক জাহিদ আহসান। আবু বাকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর আগে তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন। আর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ আহসান একসময় ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক ছিলেন।
এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদ মোহাম্মদ সিয়াম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন রিফাত রশীদ। মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন সমন্বয়ক তাহমীদ আল মোদাসসীর চৌধুরী এবং মুখপাত্র হিসেবে রয়েছেন আশরেফা খাতুন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে যারা
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক হয়েছেন আব্দুল কাদের। কোটা সংস্কার আন্দোলনের সময় ৯ দফা কর্মসূচি ঘোষণা করে আলোচনায় আসেন তিনি। আর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মহির আলম। কাদের ও মহির দুজনই ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ, সিনিয়র সদস্য সচিব আল আমিন সরকার, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম এবং মুখপাত্র হিসেবে রাফিয়া রেহনুমা হৃদি দায়িত্ব পেয়েছেন। হাসিব ও রাফিয়া ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তারা গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতা ছিলেন।
আত্মপ্রকাশ করা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাত্র-নাগরিকের স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে বলে জানিয়েছেন সংগঠনটির দায়িত্বপ্রাপ্তরা। তারা বলেন, সংগঠনটির নীতি হবে ‘স্টুডেন্টস ফার্স্ট’ও ‘বাংলাদেশ ফার্স্ট। নতুন ছাত্র সংগঠন কারও লেজুড়বৃত্তি করবে না। কোনো ‘মাদার পার্টির’এজেন্ডা বাস্তবায়ন করবে না। নতুন সংগঠনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন করা হবে।
কয়েক দিন ধরেই আলোচনায় ছিল এই ছাত্র সংগঠন আত্মপ্রকাশের খবর।
এদিকে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঘোষণা হতে যাচ্ছে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের।