বগুড়া অফিস
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৬ পিএম
প্রবা ফটো
অন্তবর্তীকালীন সরকার সংস্কারের নামে কালক্ষেপন করলে দেশে তৃতীয় শক্তির উত্থান হতে পারে শঙ্কা প্রকাশ করেছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন। অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি সংস্কারের নামে কালক্ষেপণ করেন তাহলে তৃতীয় শক্তির উত্থান হতে পারে। আমরা সংস্কার চেয়েছি। কিন্তু আপনার যে সংস্কার শুরু করেছেন তার গতি খুবই ধীর। এভাবে চলতে পারে না। আমরা চাই আপনারা দ্রুত সময়ে সংস্কার করবেন এবং একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। মনে রাখতে হবে একটি নির্বাচিত সরকার যা করতে পারে তা অনির্বাচিত সরকার করতে পারে না।’
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে আহত স্কুল ছাত্রকে আর্থিক সহায়তা, প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান এবং পাঁচ শতাধিক দরিদ্র নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পদ্মপাড়া জেড ফোর্স এই অনুষ্ঠানের আয়োজন করে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রসঙ্গ টেনে আতিকুর রহমান রুমন বলেন, ‘ইদানিং আমরা লক্ষ্য করছি আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে। ঢাকার মোহাম্মদপুরে সংগঠিত একটি ছিনতাইয়ের ভিডিওতে যাদেরকে দেখা গেছে তাদের দেখে ছিনতাইকারী মনে হয়নি। আতঙ্ক সৃষ্টির জন্যই তারা এসব করছে। সরকারের উদ্দেশে আমরা বলব, হয় এসব কুকর্ম থেকে মুক্তি দেন, নয়তো দ্রুত নির্বাচন দেন।’
অনুষ্ঠানে আর্থিক সহায়তা গ্রহণকালে মাঝিড়া হাইস্কুলের ৯ম শ্রেণির ছাত্র ইখতিয়ার আহমেদ লেমন জানান, মাথাসহ শরীরের একাধিক স্থানে গুলিবিদ্ধ হয়। অপারেশনের মাধ্যমে শরীর থেকে গুলি বের করা হলেও পুরোপুরি সুস্থ নন তিনি। চোখে এখনও ঝাপসা দেখেন।
গুলিবর্ষণকারীদের বিচার দাবি করে বলেন, ‘আমাকে যারা নির্দয় ও নিষ্ঠুরভাবে গুলিবর্ষণ করেছিল আমি তাদের বিচার দাবি করছি। পাশাপাশি আমাকে আর্থিকভাবে সহায়তা করায় আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- পদ্মপাড়া জেড ফোর্সের পৃষ্ঠপোষক মাহবুবুর রহমান, সাজেদুর রহমান মোহন, স্বেচ্ছাসেবক দল বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শুভ।
উপস্থিত ছিলেন- ‘পদ্মপাড়া জেডফোস’-এর পৃষ্ঠপোষক তারিকুল ইসলাম অরেঞ্জ, সাবেক ছাত্রদল নেতা হাসানুজ্জামান পলাশ, বগুড়া জেলা যুবদল নেতা ফয়সাল ইসলাম, আমরা বিএনপি পরিবারের সহযোগী সদস্য মশিউর রহমান, মোহন, আব্দুল্লাহ্ আল মিসবাহ, পদ্মপাড়া জেড ফোর্স-এর সভাপতি শওকত হোসেন এবং সাধারণ সম্পাদক কমল।
‘পদ্মপাড়া জেডফোর্স-এর সভাপতি শওকত হোসেন জানান, বগুড়ার গাবতলীর কৃতি সন্তান মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নামে মুক্তিযুদ্ধকালে ‘জেড ফোর্স’ নামের একটি পূর্ণাঙ্গ ব্রিগেড গঠন করা হয়েছিল। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট-এর প্রথম, তৃতীয় এবং অষ্টম ব্যাটালিয়নের সমন্বয়ে ১৯৭১ সালের ৭ জুলই গঠিত সেই ‘জেড ফোর্স’ রণাঙ্গণে সম্মুখ যুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাস্ত করে। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের নামে গঠিত জেড ফোর্স-এর অবদানকে স্মরণীয় করে রাখার জন্য পদ্মপাড়া গ্রামের যুবকদের নিয়ে ‘পদ্মপাড়া জেড ফোর্স’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলা হয়েছে। সংগঠনটি পদ্মপাড়া গ্রামকে একটি সুখী-সমৃদ্ধ আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা লক্ষ্যে কাজ করে যাচ্ছে।