প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৫৮ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ০০:০২ এএম
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম। ছবি: সংগৃহীত
আগস্ট অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়নে সংবিধানের ক্ষমতাকাঠামোতে পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্রের সংস্কার শুরু করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজশাহী শহরের সাহেববাজারের জিরো পয়েন্টে এক জনসভায় তিনি এই মন্তব্য করেন।
হাসানত কাইয়ূম বলেন, দেশের জনগণের পয়সায় বেতন পাওয়া পুলিশ জনগণের বুকে গুলি চালায়, কিন্তু আইন ও সংবিধান তা আটকাতে পারে না। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার সঙ্গে বেঈমানি করে বৃটিশ-পাকিস্তানের রেখে যাওয়া উপনিবেশিক ক্ষমতাকাঠামো বহাল রেখে বাহাত্তর সালে এই সংবিধান তৈরি করা হয়েছিল। এই সংবিধানের অধীনে যারাই ক্ষমতায় যায় তাদেরকে আর শান্তিপূর্ণ পথে ক্ষমতা থেকে নামানো যায় না। বাংলাদেশের সংবিধানের অধীনে আদালতের কোনো ন্যায়বিচার করার ক্ষমতা নেই। জাতীয় সংসদের জনগণের পক্ষে কোনো আইন বানানোর ক্ষমতা নেই।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে ১০ থেকে ১২ লাখ কোটি টাকা পাচার হয়ে গেলেও দেশের সংবিধান তা আটকাতে পারেনি। বাংলাদেশের মানুষের কষ্টের টাকা ব্যাংকের ঋণ ও বিদ্যুৎকেন্দ্রর নামে লুটপাট করে সিঙ্গাপুরে মাফিয়া সামিট গ্রুপ সেরা ধনী হয়।
হাসনাত কাইয়ূমসহ জনসভায় উপস্থিত নেতারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র সংস্কারের লড়াই এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
‘সংবিধান সংস্কার কেন, কীভাবে?’ শিরোনামে এই জনসভা আয়োজন করে রাজশাহীর রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংগঠনটির রাজশাহী বিভাগীয় সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরীর সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন রাষ্ট্রসংস্কার আন্দোলনের রাজশাহী জেলা ইউনিটের রাজনৈতিক সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন মোল্লা, রাজশাহী মহানগর ইউনিটের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত বেগ, সাবেক পুলিশ কর্মকর্তা মাহবুব সিদ্দিকী, রাষ্ট্রসংস্কার আন্দোলনের রংপুর মহানগরের প্রচার সমন্বয়ক কনক রহমান প্রমুখ।