× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লুটপাটকারীদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে : ড. কামাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪ ১৫:১৯ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৪ ১৫:৪৮ পিএম

জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে গণফোরামের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। প্রবা ফটো

জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে গণফোরামের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। প্রবা ফটো

লুটপাটকারীদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘আমরা সাময়িক সুবিধার জন্য রাজনীতি করি না। আমরা চাইলেই তথাকথিত মন্ত্রী হতে পারতাম। কিন্তু আমরা সেটা করছি না। কারণ, আমরা চাই জনগণ সত্যিকার অর্থে ক্ষমতার মালিক হোক। সুষ্ঠু রাজনীতি করতে হলে জনগণকে বোঝাতে হবে তোমরা দেশের পাহারাদার, তোমরা ভোটে অংশগ্রহণ করো। লুটপাটকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তাদের বিতাড়িত করতে হবে। লুটপাটকারীদের বিরুদ্ধে জনগণকে একত্রিত হতে হবে।’

বৃহস্পতিবার (২৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে গণফোরামের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন, ‘সুষ্ঠু রাজনীতির জন্য আমরা প্রতিজ্ঞা করেছিলাম। সে প্রতিজ্ঞা আমরা ধরে রাখতে পেরেছি। আমরা কারও কাছে বিক্রি হইনি। এখানে যারা আছে তারা একজনও বিক্রি হয়নি। মানুষের আস্থা নিয়ে আমরা ক্ষমতায় যাই, সে আস্থা যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে আমরা ক্ষমতা ধরে রাখতে পারব না। অনেকেই প্রশ্ন তুলেছিলেন আমরা আমাদের প্রতিষ্ঠান ধরে রাখতে পারব কি না। আমরা তো টাকা দিয়ে নির্বাচন করি নাই, আমরা ভোট কিনে নির্বাচিত হই না। টাকা দিয়ে ভোট কিনে ক্ষমতায় আসার পরে সেই টাকা ভাগবাটোয়ারা করা হয়, কিন্তু এতসব করেও একটা সময় ঠিকই পালিয়ে যেতে হয়। দেশে কেন থাকতে পারে না? কারণ, জনগণ জানে তাদের হাতে বিচার করার ক্ষমতা আছে।’

অর্থ পাচার নিয়ে তিনি বলেন, ‘দেশ থেকে অবিশ্বাস্য রকমের টাকা পাচার করা হয়েছে, যা এই দেশের জনগণেরই টাকা। আমরা সেই বঞ্চিত মানুষের পাশে আছি। জনগণের রাজনীতি হলো জনগণকে নিয়ে রাজনীতি করা।’

‘বিদেশে যারা টাকা পাচার করেছে তারা ভালো আছে কিন্তু দেশের মানুষের উন্নতি হয়নি। আমরা সে মানুষের উন্নতির জন্য রাজনীতি করছি। আমাদের লক্ষ্য দেশের সম্পদ দেশেই রাখা এবং জনগণের উন্নতি সাধন করা। আপনাদের নিজ নিজ এলাকায় পাহারা দিতে হবে। এলাকার রাজনীতিবিদরা কী কাজ করছে তার হিসাব নিতে হবে,’ যোগ করেন ড. কামাল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে তিনি বলেন, ‘ছাত্রসমাজ প্রমাণ করেছে তারা কারও কাছে বিক্রি হয় নাই। তারা জীবন দিয়ে দেশকে রক্ষা করেছে। তারা দেশ পরিবর্তনে কাজ করে যাচ্ছে। দেশের মানুষ পরিশ্রম করে উৎপাদন বাড়াচ্ছে, তবু সংকট কেন? আপনারা ঐক্যবদ্ধ হলেই দুর্নীতিবাজদের হাত থেকে দেশকে রক্ষা করতে পারব।’

আলোচনা সভায় গণফোরামের শীর্ষ নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘৩১ বছরের ধারাবাহিকতায় গণফোরামের সকল পর্যায়ের নেতাকর্মী সংগঠক ও সমর্থকদের পক্ষ থেকে আমরা আজকে এই শুভদিনে আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রদ্বেয় ড. কামাল হোসেনের উপস্থিতিতে গণফোরাম ঐক্যবদ্ধভাবে সকল স্তরে রাজনৈতিক, সাংগঠনিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ও প্রতিশ্রুতি ব্যক্ত করছি। আমরা আরও ঘোষণা করছি, দ্রুততম সময়ে ঐক্যবদ্ধ গণফোরামের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।’

বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টুর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এস.এম. আলতাফ হোসেন, ডা. মো. মিজানুর রহমান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা