× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তিযুদ্ধ নিয়ে শাহবাজ শরিফের বক্তব্যের প্রতিবাদ বাহাউদ্দিন নাছিমের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪ ১৫:৪৯ পিএম

আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : সংগৃহীত

আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। শুক্রবার (২৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আমাদের মুক্তিযুদ্ধের বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাম্প্রতিক ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘এদেশের মুক্তিযুদ্ধ দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতা এবং রক্তক্ষয়ী জনযুদ্ধের এক অনন্য উদাহরণ। বৃটিশ শাসন অবসানের পর পাকিস্তানিদের দুঃশাসন, শোষণে অতিষ্ট ছিল এদেশের আপামর জনতা। এ সময়ে তাদের মুক্তির দূত হিসেবে আবির্ভূত হন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান। তিনি দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল মুক্তির স্বপ্নে জাতিকে ঐক্যবদ্ধ করেন। হয়ে ওঠেন বঙ্গবন্ধু।’

বাহাউদ্দিন বলেন, ‘১৯৭০ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠী নিয়মতান্ত্রিক পথে ক্ষমতা হস্তান্তর না করে তাদের স্বভাবসুলভ বলপ্রয়োগের মাধ্যমে এদেশের মানুষকে দমনের পথ নেয়। জনগণের  গণতান্ত্রিক রায়কে পাশ কাটিয়ে পাকিস্তানিরা আমাদের ওপরে একটি অন্যায় যুদ্ধ চাপিয়ে দেয়। বঙ্গবন্ধুর ডাকে এদেশের আপামর জনতা শুরু করে প্রতিরোধ যুদ্ধ। টানা নয় মাস প্রশিক্ষিত একটি সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধাদের অসম একটি যুদ্ধ চলে। মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ আত্মদানের মধ্যে দিয়ে বাঙালি পরাধীনতার শিকল মুক্ত হয়।’

নাছিম বলেন, ‘সেই পরাজয়ের দগদগে ক্ষত পাকিস্তানি শাসক ও এদেশে তাদের দোসররা এখনো বয়ে বেড়াচ্ছে। তার প্রমাণ এদেশের সাম্প্রতিক ঘটনাবলী এবং গত বুধবার (২১ আগস্ট) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ধৃষ্টতাপূর্ণ বক্তব্য।’

তিনি বলেন, ‘শাহবাজ শরিফের বক্তব্য আমাদের মুক্তিযুদ্ধকে সরাসরি কটাক্ষ, ৩০ লাখ শহীদের আত্মদানের প্রতি অবমাননা। জাতির গৌরবময় লড়াইকে যে ভাষায় শাহবাজ শরিফ কটাক্ষ করেছেন এর বিরুদ্ধে প্রতিবাদ করা শুধু আওয়ামী লীগ বা এদেশের মানুষের নয়, বাংলাদেশ রাষ্ট্রের কর্তব্য।’

তিনি আরও বলেন, ‘শাহবাজ শরিফের বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয়েছে তারা মুক্তিযুদ্ধের সময়ে এদেশে গণহত্যার জন্য লজ্জিত নয়। তারা বারবার এদেশের স্বাধীনতাকে হেয় করার চেষ্টায় লিপ্ত। সম্প্রতি এদেশে স্বাধীনতার যাবতীয় স্মৃতিচিহ্ন ধ্বংস করতে যে তাণ্ডব চালানো হয়েছে তার পেছনে শাহবাজ শরিফদের হাত রয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়, পাকিস্তানি কুচক্রী ও তাদের এদেশীয় দোসরদের বাংলার জনগণ বারবার পরাজিত করেছে। ভবিষ্যতেও এই ষড়যন্ত্রকারীরা জয়ী হতে পারবে না। মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিই জয়ী হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা