× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোটা আন্দোলনে নিহত

জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্ত চায় জামায়াত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৪ ১৭:২৬ পিএম

আপডেট : ২৯ জুলাই ২০২৪ ১৮:৩৪ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় নিহতের ঘটনা সুষ্ঠু তদন্তের দাবিতে জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৯ জুলাই) এক বিবৃতিতে এ আহ্বান জানান সংগঠনটির আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘যে সরকার নিজেই রক্তাক্ত ঘটনা সংঘটিত করে গণহত্যা চালায় তাদের দ্বারা নিরপেক্ষ তদন্ত এবং বিচার সম্ভব নয়। তাই আমরা জাতিসংঘের তত্ত্বাবধায়নে আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করে গণহত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আন্তর্জাতিক অপরাধ আদালতে তাদের বিচারের মুখে সোপর্দ করার আহ্বান জানাচ্ছি।’ 

ডা. শফিকুর রহমান বলেন, ‘ছাত্রদের অরাজনৈতিক আন্দোলনকে রাজনৈতিক রূপ দিয়ে সরকার দেশে গণহত্যা চালিয়ে এক রক্তাক্ত পরিবেশ তৈরি করেছে। ছাত্রদের আন্দোলনটি কোনো অবস্থাতেই রাজনৈতিক আন্দোলন ছিল না। কোটা ইস্যুতে আন্দোলনকারী ছাত্রসমাজের প্রতি দেশের শিক্ষকসমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহ এ আন্দোলনের প্রতি সমর্থন দিয়েছে। দেশব্যাপী ছাত্রদের অরাজনৈতিক, শান্তিপূর্ণ সুশৃঙ্খল আন্দোলন যখন ব্যাপকতা লাভ করে সরকার তখন এই আন্দোলনকে দমানোর পদক্ষেপ নেয়। সরকারের উসকানিমূলক আক্রমণাত্মক বক্তব্য থেকেই ছাত্রলীগ, যুবলীগ আন্দোলনকারীদের ওপর হামলা করে। সেই সঙ্গে পুলিশ গুলি চালায়। সৃষ্টি হয় গণহত্যার কালো অধ্যায়।’

জামায়াত আমির বলেন, ‘সরকার তাদের দলীয় ক্যাডার ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও আওয়ামী লীগ এবং রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে গত কয়েক দিন যাবৎ দেশে যে গণহত্যা চালিয়েছে, তার দায় বিরোধী দলের ওপর চাপানোর অপচেষ্টা চালানো হচ্ছে।’

তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী ২৮ জুলাই সচিবালয়ে সাংবাদিকদের এক ব্রিফিং-এ ১৪৭ জন নিহত হওয়ার তথ্য পেয়েছেন বলে অবহিত করেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি উল্লেখ করেন। বাস্তবে নিহতের সংখ্যা শতশত। আর আহতের সংখ্যা হাজার হাজার। পঙ্গুত্ববরণ করেছেন ৫ শতাধিক লোক।’

তিনি আরও বলেন, ‘সরকারের জুলুম, নিপীড়ন ও গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার জন্য সব শ্রেণি, পেশা, রাজনৈতিক দলসমূহ ও দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. ছামিউল হক ফারুকী, সিলেট মহানগরী আমির ফখরুল ইসলামসহ সারা দেশে গ্রেপ্তার সব রাজনৈতিক দলের নেতাকর্মীকে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা