প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৪ ১৪:১৯ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৪ ১৪:১৯ পিএম
ফাইল ফটো
ফের রাজধানীতে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে বড় দুই দল। আগের মতোই আগামী শনিবার বিএনপির কর্মসূচির দিন কর্মসূচি দিয়ে মাঠে থাকার ঘোষণা দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এতে বক্তব্য দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। একই দাবিতে আগামী ১ জুলাই দেশের মহানগরগুলোয় এবং ৩ জুলাই দেশের সব জেলায় সমাবেশ করার কর্মসূচি দিয়েছে তারা।
অপরদিকে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল আলোচনা করবে দলটি। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে ওইদিন বেলা ৩টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় নেতারা।
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে প্রায় প্রতিটি বড় কর্মসূচিকে ঘিরে বড় দুই দলকে রাজপথে থাকতে দেখা গেছে। যদিও ক্ষমতাসীন দলের নেতারা এই পাল্টাপাল্টি কর্মসূচি বলতে নারাজ। তাদের দাবিÑ বিএনপি নিজেদের মতো কর্মসূচি পালন করলে আওয়ামী লীগ তার নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে থাকবেÑ এখানে পাল্টাপাল্টির কিছু নেই।
বিএনপির সমাবেশ, লক্ষ্য ঢাকায় শোডাউন
চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কাল শনিবার ঢাকায় যে সমাবেশ হবে, তাতে ব্যাপক গণসমাগম করার প্রস্তুতি নিয়েছে বিএনপি। ঢাকার দুই কমিটি বিলুপ্ত হলেও নেতারা প্রস্তুতি বৈঠক করেছেন। থানা ও ওয়ার্ডভিত্তিক প্রস্তুতি সভাও চলছে। অঙ্গদলের নেতারাও সমাবেশকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছেন। সবার একটাই লক্ষ্যÑ সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটিয়ে ঢাকার রাস্তায় শোডাউন করবে, যাতে খালেদা জিয়ার মুক্তি ত্বরান্বিত হয়।
এছাড়া একই দাবিতে আগামী ১ জুলাই দেশের মহানগরগুলোয় এবং ৩ জুলাই দেশের সব জেলায় সমাবেশ করার কর্মসূচি দিয়েছে বিএনপি। দলীয় প্রধানের মুক্তি আন্দোলনকে চূড়ান্ত পর্যায় নিতে প্রথম দফায় গত বুধবার এই তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির দপ্তরে সংযুক্ত জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী জানান, ঢাকায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ২টায় এই সমাবেশ হবে। সমাবেশটি হবে দলের কেন্দ্রের উদ্যোগে।
ডিএমপিতে চিঠি
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি। গত বুধবার এই চিঠি দেওয়া হয় বলে জানিয়েছেন প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই চিঠি দেওয়া হয়। এতে বলা হয়, আগামী শনিবার বেলা ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সমাবেশের বিষয়ে আপনার অনুমতি, মাইক ব্যবহার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।
চিঠি নিয়ে ডিএমপি কার্যালয়ে যান বিএনপির তিন নেতা। সেখানে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা। নেতারা হলেন, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ ও শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বৈঠক শেষে ডিএমপি কার্যালয় থেকে বেরিয়ে দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী সাংবাদিকদের বলেন, ‘ডিএমপি কমিশনারের সঙ্গে আমাদের বৈঠক ছিল। তিনি অন্য একটি মিটিংয়ে থাকায় অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার সাহেবের সাথে আমাদের বৈঠক হয়েছে। ২৯ তারিখের সমাবেশ করতে সহযোগিতা করবেন বলে ডিএমপির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবিতে ঢাকায় সমাবেশের আয়োজন করছি। আশা করছি, পুলিশ আমাদের সহযোগিতা করবে।
যুবদলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রস্তুতি সভা
শনিবারের সমাবেশকে সফল করতে প্রস্তুতি সভা করেছে ঢাকা মহানগর যুবদলের উত্তর ও দক্ষিণের নেতারা।
গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে এ সভা হয়। সভায় বিএনপির প্রচার সম্পাদক ও সদ্যবিলুপ্ত যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বক্তব্য দেন।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নের (ভার্চুয়ালি) সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মামুন হাসান, সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, জাকির সিদ্দিকী, মহসিন মোল্লা, কামরুজ্জামান দুলাল (সহসভাপতি পদমর্যাদা দপ্তর), গোলাম মওলা শাহিন, যুগ্ম সম্পাদক আবদুল জব্বার, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক এমএ গাফফার, ইকবাল হোসেন বাবলু প্রমুখ।
আলোচনা সভা করবে আওয়ামী লীগ
কাল শনিবার রাজধানীতে আলোচনা সভা করার কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। এ প্রসঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেছেন, আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার আলোচনা সভা হবে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে ওইদিন বেলা ৩টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় নেতারা।
বিএনপি ওইদিন কর্মসূচি দিয়েছে; সেটির পাল্টা হিসেবে এই কর্মসূচি কি না জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, এটা পাল্টা কোনো কর্মসূচি নয়। আমরা আমাদের কর্মসূচি পালন করব, তারা (বিএনপি) তাদের কর্মসূচি পালন করবে।