প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৪ ১৯:২২ পিএম
দেশজুড়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। তাপমাত্রার পারদ ছাড়িয়েছে ৪৩ ডিগ্রি। কাঠফাটা রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এরই মাঝে কয়েকদিন ধরে নড়াইলে অবস্থান করছেন তারকা ক্রিকেটার জাতীয় সংসদ হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। প্রচণ্ড গরম উপেক্ষা করে এলাকায় একের পর এক যোগ দিচ্ছেন নানা অনুষ্ঠানে। কিন্তু গরমে আর কতক্ষণ! এত আনুষ্ঠানিকতার মাঝেও বন্ধুদের সঙ্গে যেন শৈশবে ফিরে গেলেন তিনি। মঙ্গলবার পরপর দুটি মতবিনিময় সভা শেষ করে তপ্ত দুপুরের প্রচণ্ড খরতাপের মাঝেই হুট করেই চলে যান মধুমতি নদীর পাড়ে। বন্ধুদের নিয়ে দলবেঁধে নদীতে গোসল, মাছ ধরায় মেতে উঠেন সেই কৈশোরের কৌশিক।