ফোকাস বাংলা
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩৬ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩৯ পিএম
জুলাই অভ্যুত্থানের পর ভিন্ন এক বাস্তবতায় কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রতিনিধি নির্বাচনে ভোট দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। ছয় বছর পর আয়োজিত ডাকসু ও হল সংসদের এই নির্বাচনে নিজেদের রায় দেবেন প্রায় ৪০ হাজার শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত ৮১০টি বুথে টানা ভোটগ্রহণ চলবে।
ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন মোট ৪৭১ জন প্রার্থী। অন্তত ১০টি প্যানেলের বাইরে স্বতন্ত্র হিসেবেও লড়ছেন অনেকে।
এমন এক সময়ে এই নির্বাচন হচ্ছে, যখন ক্যাম্পাসে কোনো ছাত্র সংগঠনের একক আধিপত্য নেই; ক্ষমতাসীন দলের সংগঠনের দাপটও নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন পরিস্থিতি অনেকটাই নজিরবিহীন।
ফলে এককভাবে কোনো প্রার্থী বা প্যানেলকে বড় ব্যবধানে এগিয়ে রাখছেন না ভোটাররা।