আরিফুল আমিন
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ১৬:৩৪ পিএম
‘দৃশ্য ভাষা পড়তে শিখি’ প্রতিপাদ্যে মঙ্গলবার (১৯ আগস্ট) বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপন করেছে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস)। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত, পরিবেশনা ও বক্তব্যের মাধ্যমে আলোকচিত্রের তাৎপর্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিপিএস মহাসচিব জাকিরুল মাজেদ কনক, সভাপতি এম ইউসুফ তুষার, আলোকচিত্রী ড. শহিদুল আলমসহ বক্তারা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ফটোগ্রাফি শাখা খোলার দাবি জানান। উদ্বোধনের পর শহীদ মিনার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকা প্রদক্ষিণ করে।
দিবস উপলক্ষে শহীদ মিনারে নন্দিত ১২ জন প্রয়াত আলোকচিত্রীর ছবি প্রদর্শিত হয়। আয়োজনে বিপিএস-এর পাশাপাশি সারাদেশের ৬০টিরও বেশি ফটোগ্রাফি সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাব অংশ নেয়।