প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ মে ২০২৬ ১৬:২৬ পিএম
নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন জোরদারে ফর্টিফাইড রাইস কার্নেল (এফআরকে) ফ্যাক্টরিগুলোর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নলেজ শেয়ারিং কর্মশালা আয়োজন করেছে মিলার্স ফর নিউট্রিশন কোয়ালিশন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন জোরদারে ফর্টিফাইড রাইস কার্নেল (এফআরকে) ফ্যাক্টরিগুলোর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নলেজ শেয়ারিং কর্মশালা আয়োজন করেছে মিলার্স ফর নিউট্রিশন কোয়ালিশন।
টেকনোসার্ভের বাস্তবায়নে এবং গেটস ফাউন্ডেশনের অর্থায়নে আয়োজিত এই কর্মশালা ৩ ও ৪ মে বগুড়ার রুরাল ডেভেলপমেন্ট একাডেমি (আরডিএ) এবং রাজশাহীর আশ্রয় সেন্টারে অনুষ্ঠিত হয়।
দুই দিনব্যাপী কর্মশালার মূল উদ্দেশ্য ছিল এফআরকে ফ্যাক্টরিগুলোতে ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম (এফএসএমএস) বাস্তবায়ন আরও শক্তিশালী করা, অংশীজনদের সক্রিয় সম্পৃক্ততা বাড়ানো এবং সমন্বিত পরিকল্পনার মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা।
এতে অংশগ্রহণকারীরা জাতীয় ও আন্তর্জাতিক ফর্টিফিকেশন মানদণ্ড অনুযায়ী উন্নতমানের ফর্টিফাইড চাল উৎপাদনের বিষয়ে দক্ষতা অর্জন করেন।
কর্মশালায় দেশের ১৩টি এফআরকে ফ্যাক্টরির প্রতিনিধিরা অংশ নেন। সমাপনীতে তারা নিরাপদ ও উচ্চমানের ফর্টিফাইড চাল উৎপাদনে এফএসএমএস আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বগুড়ার আরডিএতে ৩ মে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য অধিদপ্তরের পরিচালক (সরবরাহ, বণ্টন ও বিপণন) মো. জহিরুল ইসলাম খান।
তিনি বলেন, চাল ফর্টিফিকেশন কার্যক্রমে সরকার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে এবং ভবিষ্যতে ক্রয়াদেশে ফুড সেফটি সিস্টেম সার্টিফিকেশন বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে।
একই সঙ্গে তিনি টেকনোসার্ভকে কারিগরি সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
টেকনোসার্ভের কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার মো. গুলজার আহম্মেদ জানান, গত সেপ্টেম্বর ২০২৫ থেকে এপ্রিল ২০২৬ পর্যন্ত কারিগরি সহায়তার ফলে এফআরকে কারখানাগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।
কারিগরি সেশনে বিশেষজ্ঞরা ফ্যাক্টরিগুলোর পূর্ববর্তী ও বর্তমান অবস্থার তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরেন।
এতে এফএসএমএস শক্তিশালীকরণ, এইচএসিসিপি ও আইএসও ২২০০০-এর মতো আন্তর্জাতিক মান অনুসরণ এবং পণ্যের গুণগত মান উন্নয়নের অগ্রগতি তুলে ধরা হয়।
কর্মশালার অংশ হিসেবে অংশগ্রহণকারীরা বগুড়ার রূপসী রাইস ফ্লাওয়ার অ্যান্ড পুষ্টি মিল এবং রাজশাহীর কামাল অটো রাইস মিলের এফআরকে ইউনিট পরিদর্শন করেন।
সেখানে উৎপাদন প্রক্রিয়া, মান নিয়ন্ত্রণ ব্যবস্থা ও প্রিমিক্স ব্যবস্থাপনা সরাসরি পর্যবেক্ষণ করা হয়।
তবে কর্মশালায় কিছু চ্যালেঞ্জও চিহ্নিত করা হয়।
এর মধ্যে রয়েছে ডকুমেন্টেশন ঘাটতি, অবকাঠামোগত সীমাবদ্ধতা, প্রিমিক্স ব্যবস্থাপনায় অসামঞ্জস্য এবং অভ্যন্তরীণ অডিট ব্যবস্থার দুর্বলতা। এসব সমস্যা সমাধানে ব্যবস্থাপনা পর্যায়ের অঙ্গীকার জোরদার, দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
৪ মে রাজশাহীর আশ্রয় সেন্টারে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফিফ-আল-মাহমুদ ভূঁইয়া। তিনি জাতীয় পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এফআরকে উৎপাদনে ফুড সেফটি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন এবং সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানান।
সমাপনী অনুষ্ঠানে ডব্লিউএফপি ও নিউট্রিশন ইন্টারন্যাশনালের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বক্তারা রাইস ফর্টিফিকেশন কর্মসূচিতে মানসম্পন্ন উৎপাদন নিশ্চিত করতে ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমের গুরুত্ব তুলে ধরেন।
মিলার্স ফর নিউট্রিশন কর্মসূচিটি আন্তর্জাতিক ও স্থানীয় বিভিন্ন অংশীদারের সমন্বয়ে পরিচালিত হচ্ছে, যার লক্ষ্য খাদ্য প্রক্রিয়াকরণ উন্নয়ন ও ফর্টিফিকেশন কার্যক্রম জোরদার করে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা।
বিস্তারিত জানতে ভিজিট করুন: millersfornutrition.com