প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০১ পিএম
ডিআরইউ এর সাগর–রুনি মিলনায়তনে মঙ্গলবার সম্মেলনে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ‘গণবিপ্লবী উদ্যোগ’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ধরে দেশের রাজনীতিতে নতুন প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘গণবিপ্লবী উদ্যোগ’। সংগঠনটি চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা ধরে দেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করবে বলে জানিয়েছে।
সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)–এর সাগর–রুনি মিলনায়তনে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিনিধি আরিফ সোহেল, খান মুহাম্মদ মুরসালীন, তানজিনা তাম্মিম হাফসা, আব্দুল্লাহ সালেহীন অয়ন এবং ফারজানা আক্তার চারুলতা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ‘গণতান্ত্রিক বিপ্লবীদের ইশতেহার’ নামে প্রকাশিত ঘোষণাপত্রে দেশজুড়ে গণপরিষদ গঠন, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর সংস্কার এবং প্রকৃত জনগণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আহ্বান জানানো হয়েছে। এতে চব্বিশের গণঅভ্যুত্থান, ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনসহ বিভিন্ন গণসংগ্রামের ধারাবাহিকতা হিসেবে তুলে ধরা হয়েছে।’
ইশতেহারে বলা হয়েছে, দীর্ঘদিনের শাসন-শোষণ ও বৈষম্যের কাঠামো এখনও বহাল থাকলেও চব্বিশের গণঅভ্যুত্থান তরুণ প্রজন্মকে শোষণের বিরুদ্ধে লড়াইয়ের নতুন শিক্ষা দিয়েছে। সংগঠনটি দেশব্যাপী এই চেতনা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক রূপান্তরের সংগ্রাম গড়ে তুলতে উদ্দীপ্ত।
গণবিপ্লবী উদ্যোগের প্রতিনিধি আরিফ সোহেল সাংবাদিকদের বলেন, ‘৫ আগস্টের ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের পর নবীন বিপ্লবীদের মধ্যে যে আদর্শিক শূন্যতা ও দিকনির্দেশনার অভাব দেখা দিয়েছে, এই ইশতেহার তার অবসান ঘটাতে ভূমিকা রাখবে। আমরা জনগণের সক্রিয় সমর্থন ও অংশগ্রহণ কামনা করি।’