আফজাল হোসেন
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩ ১৮:৪৯ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৩ ১৮:৫০ পিএম
ছবি: সংগৃহীত
সেলিম আল দীনের নাটকে থাকে মহাকাব্যিক ব্যাপ্তি। দৃশ্যপট বর্ণনা ও সংলাপের পরতে পরতে মেলে অসংখ্য চিত্রকল্প। তাঁর রচনা পাঠ বা দর্শনে গ্রামীণ সহজ মানুষের নিত্যকার জীবনকথা সবিস্তারে দৃশ্যমান হয়ে ওঠে। এই জনপদের বিবিধ শ্রেণী পেশার মানুষের সুখ দুঃখ, আশা হতাশা, আবেগ অনুভব, চাওয়া পাওয়া, জীবনযুদ্ধের যেমনতর কুশলী বর্ণনা তিনি দেন- তা যেনো নাট্যকলা, বাক্যকলার আয়তন ভেঙ্গে চিত্রকলা হয়ে সামনে এসে দাঁড়িয়ে যায়।

বাঙালি সমাজ, লোকজ সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্যসমৃদ্ধ সরল জীবনকথার বয়ান যেভাবে তাঁর রচনায় অলঙ্কৃত হয়- তা বাড়ির কাছে আরশীনগরের মতো চিত্রভাষায় নিকট প্রতিবেশী হয়ে ওঠে। শিল্পী তামিমা সুলতানা সাম্প্রতিক 'প্রাচ্য ও দ্বৈতাদ্বৈতবাদ' প্রদর্শনীতে যে সকল চিত্রকলা উপস্থাপন করেছেন তা ভাবনা, অনুভবের বিচারে বিশেষ। সেলিম আল দীন, তাঁর রচনা, বোধ বিবেচনার মধ্য থেকে রস রঙ গ্রহণ করে সংলাপ, দৃশ্যসমূহকে মুখর চিত্রকলায় রূপদান অনন্য ঘটনা।
শিল্পী হিসাবে বিস্ময়কর এক নতুন ভূবনে বিচরণ করতে নেমেছেন তামিমা- যা তাঁর কর্ম, ধ্যান জ্ঞান, ভাবনার জগৎকে আলাদা আগ্রহ নিয়ে দেখবার তাগিদ তৈরি করে দেবে। একই সাথে তামিমার এই উষ্ণ আন্তরিক নিবেদন, নতুন ধরণের চেষ্টা সকল চিত্ররসিক মনে নিশ্চয়ই নতুন স্বাদের আগ্রহ ও কৌতুহল সৃষ্টি করতে সক্ষম হবে। এ আয়োজন হবে আনন্দময় অভিজ্ঞতা।