× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানব পাচার রুখতে হবে

সম্পাদকীয়

প্রকাশ : ২৩ মে ২০২৬ ১২:৫৬ পিএম

মানব পাচার রুখতে হবে

মানব পাচার একটি সুসংগঠিত আন্তর্জাতিক অপরাধ নেটওয়ার্কে পরিণত হয়েছে; যা আধুনিক বিশ্বের জন্য এক চরম অভিশাপ। বাংলাদেশ ঘিরেও মানব পাচারের ভয়ংকর নেটওয়ার্ক বিস্তৃত হয়ে উঠছে। সীমান্ত, সমুদ্রপথ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সংঘবদ্ধ চক্রগুলো নারী, শিশু ও তরুণদের বিদেশে কাজের প্রলোভন দেখিয়ে পাচার করছে। কেউ পাচার হচ্ছেন মধ্যপ্রাচ্যে, কেউ দক্ষিণ-পূর্ব এশিয়ায়, আবার কেউ অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে মৃত্যুর মুখে পতিত হচ্ছেন। এটি কার্যত এখন দেশের জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতি ও আন্তর্জাতিক ভাবমূর্তির জন্যও বড় হুমকিতে পরিণত হয়েছে। এই সত্যটিই গতকাল প্রতিদিনের বাংলাদেশের এক প্রতিবেদনে উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে মানব পাচার এখন আর সীমান্তঘেঁষা অপরাধ নয়, এটি আন্তর্জাতিক অপরাধ চক্রের বহুমাত্রিক নেটওয়ার্কও। পর্যটন, শিক্ষা ও চাকরি ভিসার আড়ালে তরুণ ও যুবাদের পৃথিবীর বিভিন্ন দেশে পাচার করা হচ্ছে। উঠে এসেছে পাচারকারীদের ভয়ংকর কৌশল, আন্তর্জাতিক রুট, ট্রানজিট ব্যবস্থাপনা ও সংঘবদ্ধ চক্রের বিস্তৃত সম্পৃক্ততার নানা তথ্য। শুধু তাই নয়, সমুদ্রপথেও ঝুঁকিপূর্ণ যাত্রার মাধ্যমে অসংখ্য মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে মৃত্যুর মুখে। বিশেষজ্ঞরা বলছেন, মানব পাচার এখন বাংলাদেশের জন্য জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তির জন্যও বড় হুমকি। সম্প্রতি পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মানব পাচার ইউনিটের তথ্য বিশ্লেষণেও বিষয়টি উঠে এসেছে।

জানা গেছে, বর্তমানে বিমানপথে মানব পাচারের জন্য ইতালি, সার্বিয়া/মেসিডোনিয়া, রাশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও কম্বোডিয়া/লাওসÑ এই সাতটি প্রধান আন্তর্জাতিক গন্তব্য সক্রিয়। এ কর্মকাণ্ডে দেশের কিছু রিক্রুটিং এজেন্সি, ট্রাভেল এজেন্সি ও দালাল চক্র জড়িত। জলপথেও মানব পাচারের দুটি বড় রুট চিহ্নিত করেছে সিআইডি। প্রথম রুটে বাংলাদেশ থেকে মালয়েশিয়া, পরে ইন্দোনেশিয়া হয়ে অস্ট্রেলিয়ায় নেওয়া হয়। দ্বিতীয় রুটে বাংলাদেশ থেকে মিয়ানমার, থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া। এই যাত্রায় ব্যবহার করা হয় ছোট নৌযান, ট্রলার ও মাছ ধরার নৌকা। ভুক্তভোগীদের অনেক সময় সাগরে আটকে রাখা হয় সপ্তাহের পর সপ্তাহ। অনিরাপদ এই পথে নৌকাডুবি, অনাহার, মুক্তিপণের জন্য নির্যাতন ও মৃত্যুর ঝুঁকি রয়েছে।

বাস্তবতা হচ্ছে, মানব পাচার চক্রগুলো এখন অত্যন্ত সংগঠিত। এদের সঙ্গে স্থানীয় দালাল, আন্তর্জাতিক অপরাধ চক্র, জাল পাসপোর্ট সিন্ডিকেট এবং কখনও কখনও দুর্নীতিগ্রস্ত প্রভাবশালীদের যোগসাজশের খবর শোনা যায়। গ্রামাঞ্চলের দরিদ্র পরিবার, বেকার যুবক এবং অসহায় নারীরা এদের প্রধান টার্গেট। বিদেশে উচ্চ বেতনের চাকরি, উন্নত জীবনের স্বপ্ন কিংবা বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের ফাঁদে ফেলা হয়। অনেকেই জোরপূর্বক শ্রম, যৌন নির্যাতন, বন্দিদশা কিংবা অমানবিক নির্যাতনের শিকার হন। উদ্বেগের বিষয় হলো, মানব পাচার এখন সীমান্ত নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্যও ঝুঁকি তৈরি করছে। অবৈধ রুট ব্যবহার করে অপরাধ চক্র সহজেই সীমান্ত অতিক্রম করছে; যা মাদক, অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রমের পথও উন্মুক্ত করে দিতে পারে। একই সঙ্গে বিদেশে বাংলাদেশিদের জড়িয়ে বিভিন্ন অপরাধের ঘটনা দেশের আন্তর্জাতিক মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করবে। শুধু তাই নয়, বিদেশে আটক বা নির্যাতনের শিকার বহু বাংলাদেশির করুণ চিত্র বিশ্বমাধ্যমে প্রকাশিত হওয়ায় দেশের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হচ্ছে।

বলা বাহুল্য, মানব পাচারের বিরুদ্ধে আইন থাকলেও বাস্তব প্রয়োগ নিয়ে রয়েছে নানা প্রশ্ন। অনেক ক্ষেত্রে মামলা দীর্ঘসূত্রতায় আটকে থাকে, অপরাধীরা রাজনৈতিক বা অর্থনৈতিক প্রভাব খাটিয়ে পার পেয়ে যায়। পাচারের রুটগুলোতে নজরদারির ঘাটতি এবং জনসচেতনতার সীমাবদ্ধতা পাচারকারীদের আরও সুযোগ করে দিচ্ছে। প্রযুক্তিনির্ভর প্রতারণাও এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে; সামাজিক মাধ্যম ব্যবহার করে তরুণ ও যুবকদের টার্গেট করা হচ্ছে। আমরা মনে করি, পরিস্থিতি মোকাবিলায় সরকারকে কঠোর ও সমন্বিত পদক্ষেপ নিতে হবে। সীমান্তসহ পাচার করা রুটে নিরাপত্তা জোরদার, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, দালাল চক্রের অর্থনৈতিক উৎস বন্ধ এবং দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি। পাশাপাশি বিদেশগামী শ্রমিকদের জন্য নিরাপদ ও বৈধ অভিবাসন প্রক্রিয়া সহজ করা দরকার।

মনে রাখতে হবে, মানব পাচার কেবল আইনি সংকট নয়, এটি মানবতার বিরুদ্ধে এক চরম অপরাধ। এই অপরাধ থামাতে হলে শুধু আইন প্রয়োগকারী সংস্থা নয়, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তর থেকে সমন্বিত প্রতিরোধ গড়ে তোলা দরকার। দেশে বৈধ অভিবাসন ব্যবস্থা সহজ ও স্বচ্ছ করার উদ্যোগ নিতে হবে। অধিকাংশ মানুষ সঠিক তথ্যের অভাবে দালালদের প্রতারণার শিকার হয়। তাই বিদেশগামী শ্রমিকদের জন্য প্রশিক্ষণ ও পরামর্শমূলক কার্যক্রম জোরদার করতে হবে; যাতে বৈধ উপায়ে নিরাপদ অভিবাসনের পথ সহজ হয়। মানব পাচার প্রতিরোধে কূটনৈতিক তৎপরতাও বাড়ানো দরকার। পাচারের শিকার হওয়া ব্যক্তিদের সুরক্ষা দেওয়া এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আশা করি, এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নেবে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে। মানব পাচারের মতো ভয়ংকর অপরাধ দমন করা শুধু আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব নয়, বরং এটি একটি সামগ্রিক সামাজিক দায়িত্ব। সরকারের পাশাপাশি সাধারণ মানুষ, গণমাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলোকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।


সম্পাদকীয়

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা