প্রতিদিনের বাংলাদেশ
সাঈদ বারী
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ ১৫:৪১ পিএম
২৫ এপ্রিল শনিবার দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর ‘প্রতিনিধি সভা’ অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
২৫ এপ্রিল শনিবার দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর ‘প্রতিনিধি সভা’ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভবিষ্যৎ সাফল্যের প্রতি গভীর প্রত্যাশা। সংবাদপত্র একটি জীবন্ত প্রতিষ্ঠান; এর প্রতিটি আয়োজনই তার ভবিষ্যৎ গতি-প্রকৃতি নির্ধারণে ভূমিকা রাখে। ‘প্রতিনিধি সভা’ও তেমনই একটি গুরুত্বপূর্ণ আয়োজন, যা কেবল সংগঠনিক বৈঠক নয়, বরং একটি গণমাধ্যমের আত্মসমীক্ষা, অভিজ্ঞতার বিনিময় এবং ভবিষ্যৎ কৌশল নির্ধারণের এক বাস্তব মঞ্চ।
একটি সংবাদপত্রের শক্তি কখনও কেবল তার সম্পাদকীয় নীতি বা প্রধান কার্যালয়ের কাঠামোর ওপর নির্ভর করে না; বরং তার প্রকৃত শক্তি নিহিত থাকে মাঠপর্যায়ের প্রতিনিধিদের পরিশ্রম, নিষ্ঠা এবং সাহসের মধ্যে। তারাই সংবাদ সংগ্রহের প্রথম সারির যোদ্ধা, যারা প্রতিদিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে তথ্য সংগ্রহ করেন, সত্য যাচাই করেন এবং তা পাঠকের কাছে পৌঁছে দেন। এই প্রেক্ষাপটে ‘প্রতিনিধি সভা’ একটি সংবাদপত্রের প্রাণপ্রবাহকে পুনর্গঠনের সুযোগ তৈরি করে।
বাংলাদেশে প্রিন্ট মিডিয়া বর্তমানে এক গভীর ও বহুমাত্রিক সংকটের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। ডিজিটাল মিডিয়ার বিস্ফোরণ, সামাজিক যোগাযোগমাধ্যমের আধিপত্য, পাঠকের মনোযোগের সংকোচন এবং বিজ্ঞাপন বাজারের ডিজিটাল রূপান্তরÑ সব মিলিয়ে প্রিন্ট সংবাদপত্রের সামনে এক কঠিন বাস্তবতা তৈরি হয়েছে। একসময় সংবাদপত্র ছিল সকালবেলার অপরিহার্য সঙ্গী, কিন্তু আজ তথ্যপ্রবাহ এত দ্রুত এবং বহুমাত্রিক যে, প্রিন্ট মিডিয়াকে তার অবস্থান নতুনভাবে সংজ্ঞায়িত করতে হচ্ছে।
তবু এই সংকটের মধ্যেও প্রিন্ট মিডিয়ার একটি অনন্য শক্তি রয়েছে, যা তাকে এখনও অপরিহার্য করে রেখেছে। সেটি হলো গভীর বিশ্লেষণ, তথ্য যাচাইয়ের কঠোরতা এবং দায়িত্বশীল উপস্থাপনা। দ্রুততার যুগে যেখানে অনেক সময় তথ্যের সত্যতা প্রশ্নবিদ্ধ হয়, সেখানে প্রিন্ট মিডিয়া এখনও একটি নির্ভরযোগ্য প্লাটফর্ম হিসেবে টিকে আছে। এই নির্ভরযোগ্যতাই তার অস্তিত্বের মূল ভিত্তি।
এই পরিবর্তিত প্রেক্ষাপটে প্রতিদিনের বাংলাদেশ তার নিজস্ব অবস্থান সুস্পষ্টভাবে গড়ে তুলেছে। সংবাদ নির্বাচনে সতর্কতা, উপস্থাপনায় ভারসাম্য এবং ভাষার সংযম পত্রিকাটিকে একটি আলাদা পরিচিতি দিয়েছে। এটি শুধু সংবাদ প্রকাশ করছে না, বরং পাঠকের চিন্তাকে সমৃদ্ধ করার চেষ্টা করছে। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতাকে দায়িত্বশীলভাবে উপস্থাপন করার মাধ্যমে পত্রিকাটি ধীরে ধীরে একটি বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।
বিশেষ করে সমসাময়িক ঘটনাপ্রবাহ বিশ্লেষণে প্রতিদিনের বাংলাদেশ যে সংযম ও গভীরতা প্রদর্শন করে, তা পাঠকের আস্থা অর্জনে সহায়ক ভূমিকা রাখছে। সংবাদকে শুধু তথ্য হিসেবে না দেখে একটি প্রেক্ষাপটভিত্তিক ব্যাখ্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা পত্রিকাটিকে আলাদা মাত্রা দিয়েছে। নতুন প্রজন্মের পাঠকদের কাছে পৌঁছানোর ক্ষেত্রেও এর আধুনিক দৃষ্টিভঙ্গি ইতিবাচক ভূমিকা রাখছে।
এই অগ্রযাত্রার পেছনে যার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য, তিনি হলেন মারুফ কামাল খান। তার দীর্ঘ সাংবাদিকতা অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি প্রতিদিনের বাংলাদেশ-কে একটি সুসংগঠিত ও দায়িত্বশীল সংবাদপত্রে পরিণত করেছে। তিনি কেবল একজন সম্পাদক নন, বরং একটি দিকনির্দেশক শক্তি, যিনি সংবাদপত্রকে সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে নিতে সক্ষম হয়েছেন। তার নেতৃত্বে পত্রিকাটি একটি ভারসাম্যপূর্ণ সম্পাদকীয় অবস্থান ধরে রেখেছে, যা বর্তমান বিভক্ত ও দ্রুত পরিবর্তনশীল মিডিয়া বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার দায়িত্ব নেওয়ার পর থেকেই নিউজ ট্রিটমেন্ট, সংবাদের শিরোনাম বাছাইয়ে অভিনবত্ব দেখতে পাই।
সম্পাদক হিসেবে তার আরেকটি বড় অর্জন হলো সাংবাদিকতার নৈতিক মান বজায় রাখা। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের সত্যতা, উৎসের নির্ভরযোগ্যতা এবং ভাষার শুদ্ধতাÑ এই তিনটি বিষয়কে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। এর ফলে পত্রিকাটি কেবল একটি সংবাদমাধ্যম নয়, বরং একটি দায়িত্বশীল সামাজিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করছে।
মারুফ কামাল খান দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ পর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন এবং পরবর্তীকালে ক্ষমতার বাইরে থাকা অবস্থায় বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালনের সময় তার প্রেস উইংয়ের নেতৃত্বে ছিলেন। রাষ্ট্রীয় ও রাজনৈতিক যোগাযোগ, সংকট ব্যবস্থাপনা এবং মিডিয়া সমন্বয়ের সেই দীর্ঘ অভিজ্ঞতা তাকে সাংবাদিকতা ও যোগাযোগ ব্যবস্থাপনার একটি গভীর বাস্তবজ্ঞান দিয়েছে। সম্পাদক হিসেবে তার সাফল্যের অন্যতম ভিত্তি হলো এই অভিজ্ঞতালব্ধ প্রজ্ঞা, যা সংবাদ নির্বাচন, সম্পাদনা এবং একটি গণমাধ্যম পরিচালনায় তাকে আরও দক্ষ ও দূরদর্শী করে তুলেছে।
প্রতিদিনের বাংলাদেশ-এর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা লেখালেখির সূত্রে গড়ে উঠেছে। এই পত্রিকায় লেখার সুযোগ পাওয়া আমার জন্য কেবল একটি অনন্য অভিজ্ঞতা নয়, বরং একটি সৃজনশীল ও চিন্তাশীল যাত্রার অংশ। সম্পাদকীয় বিভাগের আন্তরিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং লেখকদের প্রতি সম্মানজনক আচরণ একটি সুস্থ ও সমৃদ্ধ লেখালেখির পরিবেশ তৈরি করেছে। এই সম্পর্ক কেবল আনুষ্ঠানিক নয়, বরং পারস্পরিক আস্থা, শ্রদ্ধা এবং বুদ্ধিবৃত্তিক বিনিময়ের ওপর প্রতিষ্ঠিত।
‘প্রতিনিধি সভা’য় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিনিধিরা এই পত্রিকার প্রকৃত শক্তি। তাদের নিরলস পরিশ্রম, মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহের সাহস এবং সত্য প্রকাশের প্রতি অঙ্গীকার একটি সংবাদপত্রকে জীবন্ত রাখে। অনেক সময় প্রতিকূল পরিবেশে থেকেও তারা সংবাদ সংগ্রহ করেন, যা একটি জাতীয় গণমাধ্যমের ভিত্তিকে শক্তিশালী করে।
এই ‘প্রতিনিধি সভা’ তাদের জন্য শুধু একটি আনুষ্ঠানিক বৈঠক নয়; বরং এটি একটি পারস্পরিক শেখার, অভিজ্ঞতা বিনিময়ের এবং ভবিষ্যৎ কৌশল নির্ধারণের সুযোগ। এখানে মাঠপর্যায়ের বাস্তবতা এবং সম্পাদকীয় নীতির মধ্যে একটি কার্যকর সেতুবন্ধ তৈরি হয়, যা সংবাদপত্রের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আমি বিশ্বাস করি, এই ‘প্রতিনিধি সভা’ কেবল একটি সাংগঠনিক আয়োজন হয়ে থাকবে না; বরং এটি নতুন চিন্তা, নতুন পরিকল্পনা এবং নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করবে। এখান থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, তা প্রতিদিনের বাংলাদেশ-এর ভবিষ্যৎ যাত্রাকে আরও সুসংগঠিত, আরও কার্যকর এবং আরও পাঠকবান্ধব করবে।
দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর ‘প্রতিনিধি সভা’র সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি। একই সঙ্গে পত্রিকাটির ভবিষ্যৎ আরও উজ্জ্বল, আরও শক্তিশালী এবং আরও বিশ্বাসযোগ্য হোকÑ এই আন্তরিক প্রত্যাশা রইল। সত্যনিষ্ঠ সাংবাদিকতা, দায়িত্বশীল উপস্থাপনা এবং নৈতিক অবস্থানের মাধ্যমে প্রতিদিনের বাংলাদেশ গণমাধ্যম অঙ্গনে একটি স্থায়ী ও মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করবে, এই বিশ্বাস অটুট থাকল।
সাঈদ বারী
প্রকাশক ও কলাম লেখ