× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এগ্রো প্রসেসিং হাব: অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অপরিহার্য

সম্পাদকীয়

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ ১৪:০৬ পিএম

দেশের উত্তরাঞ্চলকে এগ্রো প্রসেসিং হাব বা কৃষি প্রক্রিয়াকরণ প্রধান শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার জন্য  বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দেশের উত্তরাঞ্চলকে এগ্রো প্রসেসিং হাব বা কৃষি প্রক্রিয়াকরণ প্রধান শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দেশের উত্তরাঞ্চলকে এগ্রো প্রসেসিং হাব বা কৃষি প্রক্রিয়াকরণ প্রধান শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার জন্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। কৃষিনির্ভর এই অঞ্চলে আম, লিচুসহ আলু, পোল্ট্রি ও দুগ্ধজাত পণ্যের বিশাল সম্ভার। এসব উৎপাদিত পণ্যের সঠিক ব্যবস্থাপনা কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে এবং এ খাতের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে ১৩ এপ্রিল ফ্রুটস, ডেইরি, ফুড-বেভারেজ ও পোল্ট্রিসহ এগ্রো প্রসেসিং খাতের সঙ্গে যুক্ত উদ্যোক্তাদের সঙ্গে এক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই খাতের দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। 

জানা গেছে, বৈঠকে রাজশাহী ও রংপুর বিভাগে শিল্প স্থাপনে ব্যবসায়ীদের পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন এবং সরকারের পক্ষ থেকে কী ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবেÑ সেসব বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বিষয়টিও উঠে এসেছে। অবহেলিত উত্তরাঞ্চলকে কৃষি প্রক্রিয়াকরণ প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার বর্তমান সরকারের প্রতিশ্রুতি নিঃসন্দেহে সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ।

বৈঠকের পর উদ্যোক্তা-ব্যবসায়ীরা গণমাধ্যমকে বলেছেন, প্রধানমন্ত্রী বর্তমান ব্যবসায়িক পরিবেশ, বিনিয়োগের চ্যালেঞ্জ ও রপ্তানি বহুমুখীকরণের ওপর গুরুত্ব দিয়েছেন। ব্যবসা সহজীকরণ এবং জ্বালানি সংকট মোকাবিলায় বিষয়টিও উঠে আসে। তারা বলেন, প্রধানমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন, উত্তরাঞ্চলে এগ্রো প্রসেসিংয়ে বিনিয়োগ করলে ট্যাক্স হলিডে দেওয়া হবে। সেখানে টেস্টিং ল্যাব ও কোল্ড স্টোরেজ সুবিধা গড়ে তোলার প্রতিশ্রুতিও দিয়েছেন। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে এবং গৃহীত উদ্যোগগুলোর অগ্রগতি পর্যালোচনায় আগামী ছয় মাস বা তার কম সময়ের মধ্যে পুনরায় এ ধরনের বৈঠক আয়োজনের কথা রয়েছে। এই উদ্যোগ সফল হলে উত্তরবঙ্গে কর্মসংস্থান বৃদ্ধি এবং অ্যাগ্রো প্রসেসিং খাতে বড় ধরনের বিনিয়োগ আশা করা যায় বইকি।

আমাদের দেশের অর্থনীতির একটি বড় ভিত্তি কৃষি। আর সেই কৃষিকে আধুনিক প্রযুক্তি ও শিল্পের সঙ্গে যুক্ত করতে পারলেই টেকসই উন্নয়নের পথ আরও সুদৃঢ় হবে। উত্তরাঞ্চলÑ বিশেষ করে রংপুর, রাজশাহী ও দিনাজপুর অঞ্চল দীর্ঘদিন ধরেই শস্যভাণ্ডার হিসেবে পরিচিত। কিন্তু উৎপাদনের পর যথাযথ সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের অভাবে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। এই বাস্তবতায় অ্যাগ্রো প্রসেসিং হাব গড়ে তোলার উদ্যোগ সম্ভাবনার দ্বার উন্মোচন করবেÑ বলাই বাহুল্য। এ কথা সত্য যে, বাংলাদেশে অ্যাগ্রো প্রসেসিং হাবের প্রয়োজনীয়তা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, বিশেষ করে কৃষিনির্ভর অর্থনীতিকে আধুনিক ও টেকসই করতে। দেশে প্রতিবছর বিপুল পরিমাণ ফল, সবজি ও অন্যান্য কৃষিপণ্য উৎপাদিত হলেও সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের অভাবে এর একটি বড় অংশ নষ্ট হয়ে যায়। একটি কার্যকর অ্যাগ্রো প্রসেসিং হাব এই অপচয় কমিয়ে পণ্যের মূল্য সংযোজন নিশ্চিত করতে পারে।

আমরা মনে করি, এই উদ্যোগ কৃষিপণ্যের অপচয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতেও এটি সহায়ক হবে। প্রতিবছর মৌসুমভিত্তিক ফল ও সবজির একটি বড় অংশ সংরক্ষণ সুবিধার অভাবে নষ্ট হয়ে যায়। আধুনিক প্রসেসিং হাব থাকলে এসব পণ্যকে প্রক্রিয়াজাত করে দীর্ঘমেয়াদে সংরক্ষণ ও রপ্তানি করা সম্ভব হবে। এতে কৃষকের আয় যেমন বাড়বে, তেমনি দেশের খাদ্য নিরাপত্তা আরও মজবুত হবে। শুধু তাই নয়, এই উদ্যোগ কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে। গ্রামীণ এলাকায় শিল্পভিত্তিক কার্যক্রম বাড়লে স্থানীয় জনগণকে শহরমুখী হতে হবে না। নারী ও তরুণদের জন্যও নতুন কর্মক্ষেত্র তৈরি হবে, যা সামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে, উত্তরাঞ্চলের দীর্ঘদিনের অর্থনৈতিক বৈষম্য কমাতে এই উদ্যোগ একটি কার্যকর হাতিয়ার হতে পারে। যদি আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন ও প্যাকেজিং নিশ্চিত করা যায়, তবে বাংলাদেশের কৃষিপণ্য বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎসে পরিণত হতে পারে। এ ক্ষেত্রে সরকারকে মান নিয়ন্ত্রণ, প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা নিশ্চিত করতে হবে।

উত্তরাঞ্চলে অ্যাগ্রো প্রসেসিং হাব গড়ে তোলার পরিকল্পনা শুধু একটি অর্থনৈতিক উদ্যোগ নয়, বরং এটি একটি সমন্বিত উন্নয়ন দর্শনের প্রতিফলন। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে এই উদ্যোগ দেশের কৃষি খাতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। তবে শুধু পরিকল্পনা গ্রহণই যথেষ্ট নয়; কার্যকর বাস্তবায়নই এখানে মুখ্য। কারণ এই উদ্যোগ বাস্তবায়নে নানাবিধ চ্যালেঞ্জ রয়েছে বইকি। অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ, দক্ষ জনবল তৈরি এবং বিনিয়োগ আকর্ষণÑ সবকিছুই সমন্বিতভাবে নিশ্চিত করতে হবে। পাশাপাশি কৃষকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে তাদের প্রয়োজন ও মতামতকে গুরুত্ব দিতে হবে। প্রয়োজন দৃঢ় সদিচ্ছা, স্বচ্ছতা এবং সময়মতো বাস্তবায়নÑ তাহলেই এই উদ্যোগ মাইলফলক ছুঁতে পারবে। মনে রাখতে হবে, অ্যাগ্রো প্রসেসিং হাব শুধু কৃষির উন্নয়ন নয়, সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্যও অপরিহার্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা