× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন সরকার

যাত্রারম্ভের আশা ও সতর্কতা

সম্পাদকীয়

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৯ পিএম

যাত্রারম্ভের আশা ও সতর্কতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধ্স জয়ের মূল কারিগর তারেক রহমান। যেকোনো রাজনৈতিক দলের এ ধরনের বিজয়ে ভালোমন্দ দুটি দিকই থাকে। প্রথমত, এ ধরনের বিজয়ের মাধ্যমে গঠিত সরকার জনগণের কল্যাণে বাধাহীনভাবে কাজ করার সুযোগ পায়। অন্যদিকে মন্দ দিকটি হলোÑ সরকারের স্বৈরাচারী হয়ে ওঠারও আশঙ্কা থাকে। মানুষ শেষোক্ত দিকটি ভাবতে চায় না। বরং আশা করে, তারেক রহমানের সরকার অতীতের যেকোনো সময়ের চেয়ে দুর্নীতিবাজ ও লুটেরাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে, কথিত পাচার করা অর্থ ফেরত আনার বিষয়ে উদোগী হবে, ঋণখেলাপিদের থেকে জনগণের টাকা উদ্ধার করে ব্যাংকে ফেরত আনবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এনে প্রান্তিক ও সীমিত আয়ের মানুষের জীবনযাত্রা স্বচ্ছন্দ করার চেষ্টা চালাবে এবং মুক্তিযুদ্ধের চেতনার আলোকে অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও সমতাভিত্তিক বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে। 

এ ক্ষেত্রে নতুন সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ। প্রথমত, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনা। আর্থিক খাতসহ অনিয়ম-দুর্নীতির যে অপচ্ছায়া বিভিন্ন দিকে ছড়িয়ে আছে তা অপসারণ করা। একই সঙ্গে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে মনোযোগ বাড়াতে হবে। এর সঙ্গে আরও একটি বড় বিষয় জড়িয়ে রয়েছে, তা হলোÑ ‘চাঁদাবাজমুক্ত দেশ’। প্রতিদিনের বাংলাদেশ-এ ‘নতুন সরকারের কাছে প্রত্যাশা’ শিরোনামের প্রতিবেদনেও বলা হয়েছে, দীর্ঘ ১৮ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপির ওপর মানুষের প্রত্যাশার চাপ দলটির ভূমিধস জয়ের মতোই ভারী। নতুন সরকারকে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তার মাঝে অন্যতমÑ পুরনো রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসা এবং রাজনৈতিক সংস্কৃতি ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের ধারা সৃষ্টিকারী শ্রেণির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া। এ দুটো ক্ষেত্রে সফল না হলে সুশাসন প্রতিষ্ঠা কঠিন হয়ে উঠবে। সেইসঙ্গে নাজুক অর্থনীতির চাকাও সচল করা অসম্ভব হবে।

তবে এ ক্ষেত্রে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে বিজয়ী নেতা তারেক রহমান যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন তা আমাদের আশাবাদী করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে তিনি বলেছেন, ‘ যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে এবং কোনো ধরনের সহিংসতা, প্রতিশোধ বা উস্কানিমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।’ আমরা তার এ কথায় আস্থা রাখতে চাই। আমরা মনে করি, যে ভূমিধ্স বিজয়ের মালা দেশের মানুষ তারেক রহমানের গলায় পরিয়েছে, জনতার ভালোবাসার প্রতিদানে তিনি ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি স্বস্তির সমাজ উপহার দেবেন।

আমরা মনে করি, দীর্ঘদিন নির্বাসিত জীবনে তারেক রহমান যে রাজনৈতিক প্রজ্ঞা অর্জন করেছেন, সেই সঙ্গে দেশে ফেরার পর মানুষের যে ভালোবাসা তিনি পেয়েছেনÑ এই দুইয়ের সমন্বয়ে তিনি দেশ পরিচালনায় মনোনিবেশ করবেন। দেশকে নতুন করে ‍গড়ে তুলতে প্রয়োজন উন্নয়ন। আমরা মনে করি, সেই উন্নয়ন শুধু বস্তুগত-অবকাঠামোগত উন্নয়নই নয়, বরং একই সঙ্গে মানুষের আত্মিক উন্নয়নের দিকেও তিনি মনোনিবেশ করবেন। সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবেন। দীর্ঘদিনের জঞ্জাল সরাতে গেলে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তবে আমরা বিশ্বাস করি সেই চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের মানুষ তার চলার পথের সারথি হবে। 

আমরা প্রত্যাশা করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিন মেয়াদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনকালের ধারাবাহিকতায় উত্তর-প্রজন্ম তারেক রহমান সরকার গঠন করতে গিয়ে অতীতের দিকে ফিরে তাকাবেন। কবি রফিক আজাদ তার ‘যদি ভালোবাসা পাই’ কবিতায় লিখেছেন, ‘যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব/ জীবনের ভুলগুলি …।’ এই উদ্ধৃতি তারেক রহমানের জন্য। আমরা মনে করি, ‍তিনি দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত একটি দেশ উপহার দেবেন, যেখানে স্পষ্ট হয়ে উঠবে সুশাসন। সকল ভেদাভেদ ভুলে আত্মিক উন্নয়নের মাধ্যমে দেশ ও জাতি এগিয়ে যাবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা