× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

গোয়েন্দা নজরদারি বাড়ানো জরুরি

সম্পাদকীয়

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫ ১১:২৭ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর স্টেশনে এক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। রাজশাহী থেকে ছেড়ে আসা ‘বনলতা এক্সপ্রেস’ নামের একটি ট্রেনে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার এই উদ্ধার অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনী, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর রেলওয়ে পুলিশের সমন্বয়ে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই অভিযানটি শেষ হয়। আইএসপিআর-এর দেওয়া তথ্য মতে, অভিযানের সময় ট্রেনের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করে ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড অ্যামুনিশন, ২.৩৮৭ কেজি গান পাউডার এবং ২.২৮ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কমলাপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ২৭ অক্টোবর প্রতিদিনের বাংলাদেশ-এ ‘বনলতা এক্সপ্রেস ট্রেনে মিলল বিপুল অস্ত্র ও বিস্ফোরক’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের এই সংবাদটি দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি সতর্কবার্তা। বিশেষ করে, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘটনাটি নিঃসন্দেহে উদ্বেগজনক ও শঙ্কিত হওয়ার মতো। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির জন্যও তা একটি আশঙ্কার বিষয়। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, নির্বাচনের আগে বিভিন্ন মহল অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করে। উদ্দেশ্য জনমনে ভয় সৃষ্টি, সহিংসতা উস্কে দেওয়া কিংবা ভোট প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা। এই অস্ত্র ও বিস্ফোরক সেই ষড়যন্ত্রেরই অংশ কি নাÑ তা এখন বড় প্রশ্ন। আমরা মনে করি, দেশে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি যখন চলছে, তখন এমন ঘটনা সত্যিই ইঙ্গিতবহ। দেখতে হবে কারা নাশকতার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চায়। এটি হতে পারে, দেশীয় স্বার্থান্বেষী গোষ্ঠী তথা পরাজিত ফ্যাসিস্ট শক্তির ষড়যন্ত্র। এই ক্ষেত্রে বিদেশি শক্তির প্রভাবও উড়িয়ে দেওয়া যায় না।

আমরা মনে করি, বিষয়টিকে হালকাভাবে বিবেচনায় নিলে হবে না। এর সঙ্গে জড়িত কারণ-প্রক্রিয়া, দায়িত্ব-নির্ধারণ এবং অনাগত ঝুঁকি মোকাবিলার লক্ষ্যে সুস্পষ্ট অনুসন্ধান জরুরি। প্রথমত, কোথা থেকে, কীভাবে এবং কেন এই বিপুল অস্ত্র ও বিস্ফোরক এলোÑ প্রশ্নগুলোর পরিষ্কার উত্তর পেতে হবে। ঘটনার তদন্তে সম্পূর্ণ স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। অবশ্য ট্রেনে মাদক ও অস্ত্রের চালান উদ্ধার আমাদের দেশের জন্য নতুন কোনো সংবাদ নয়। তবে এবারের প্রেক্ষাপট একটি গণঅভ্যুত্থানে সরকার পতনের পরবর্তী সময়কালের। যেকারণে এসব অস্ত্র কোন সন্ত্রাসী গোষ্ঠী আনছিলোÑ তা খতিয়ে দেখতে হবে। উদ্ধার করা লাগেজ ভর্তি অস্ত্র, গুলি ও বিস্ফোরক কারা নিয়ে ট্রেনে উঠেছিল, তা চিহ্নিত করতে সব স্টেশনে থাকা সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে মূল অপরাধী চিহ্নিত করা হোক। পাশাপাশি এসব অস্ত্রের চালান কোথায় যাওয়ার কথা ছিলÑ তা খুঁজে বের করতে হবে।

দ্বিতীয়ত, অস্ত্র ও বিস্ফোরক পরিবহনের পেছনে যে নেটওয়ার্ক কাজ করে তার চেইন ভাঙার চেষ্টা করতে হবে; তা না হলে সামনে আরও একাধিক ছোট ঘটনার সমষ্টি বড় বিপর্যয়ে রূপ নিতে পারে। তৃতীয়ত, রেলব্যবস্থায় নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় বায়োমেট্রিক চেক, মালপত্র স্ক্যানিং ও র‌্যান্ডম চেক বাড়ানো এবং ট্রেন স্টেশনগুলোতে নজরদারি ব্যবস্থা আরও কঠিন করা জরুরি। কন্টেইনার ও মালবাহী ট্রেনের নিরাপত্তা প্রোটোকল পুনর্বিবেচনা করা যেতে পারে। কেননা অসামরিক চ্যানেলগুলোকেই অপরাধীরা সবচেয়ে বেশি ব্যবহার করে। 

চতুর্থত, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংশ্লিষ্টদের নিজেদের তথ্য আদানপ্রদানে স্বচ্ছতা ও জনসচেতনতা বাড়াতে হবে। এই ক্ষেত্রে স্থানীয় জনগণ, রেলকর্মী ও স্টেশনে কর্মরত কর্মচারীদের প্রশিক্ষণ ও সতর্কতা বৃদ্ধি করলে এই ধরনের সন্দিহান কার্যকলাপ রোধ করা সম্ভব। বিশেষ করে, স্টেশনের কর্মীদের মধ্যে নিরাপত্তা রুটিন জোরদার করা উচিত, যাতে সন্দেহভাজন ঘটনাগুলো সময়মতো রিপোর্ট হয়। আমরা মনে করি, শক্তিশালী নজরদারি, প্রশিক্ষণ, প্রযুক্তি ব্যবহার এবং নাগরিক অংশগ্রহণÑ এসব কৌশল এই ক্ষেত্রে সরাসরি কার্যকর হবে।

মনে রাখতে হবে, ট্রেনে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনাটি কেবলই এক অভিযান নয়Ñ এটি আমাদের নিরাপত্তা নীতির পরীক্ষাও। এই পরীক্ষায় আমরা সফল হয়েছি। আগামীতে হয়তো এ ধরনের আরও পরীক্ষা অপেক্ষমাণ। তাই এখনই গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো, সীমান্ত ও রেলপথে কড়াকড়ি আরোপ এবং সন্দেহজনক নেটওয়ার্কগুলোর ওপর কঠোর অভিযান চালানো জরুরি। যেহেতু নির্বাচন সামনে রেখে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনাটি ঘটেছে, তাই এই ক্ষেত্রে জনগণকেও সতর্ক থাকতে হবে। কোনো অপশক্তি যাতে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার অন্তরায় হতে না পারে। কারণ নির্বাচন শুধুই রাজনৈতিক দলগুলোর নয়, এটি জাতির নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রশ্ন। আমরা মনে করি, এই ঘটনার দ্রুত ও স্বচ্ছ তদন্তই নির্ধারণ করবে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনা নিছক অপরাধ নাকি বড় কোনো রাজনৈতিক ষড়যন্ত্রের পূর্বাভাস। আমরা আশা করি, সঠিক তদন্তের মাধ্যমে সত্যটি উদঘাটিত হবে। আমরা জানি, আমাদের সশস্ত্রবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। আশা করি, দেশে সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান তারা ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা