× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিনিয়োগ

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে

ড. এসএম জাহাঙ্গীর আলম

প্রকাশ : ২০ মে ২০২৫ ১৭:০৩ পিএম

ড. এসএম জাহাঙ্গীর আলম

ড. এসএম জাহাঙ্গীর আলম

বিদেশি বিনিয়োগে এখনও অনেক পিছিয়ে রয়েছি আমরা। জিডিপির অনুপাতে বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বাড়ছে না। এমন পরিস্থিতিতে বিশ্বব্যাংকের বেসরকারি খাতবিষয়ক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) এক প্রতিবেদনে উঠে এসেছে, বাংলাদেশে ব্যবসায় পরিবেশ তথা বিনিয়োগের ক্ষেত্রে এখনও পাঁচটি বড় বাধা রয়েছে। এগুলো হলো- বিদ্যুতের সমস্যা, অর্থায়নের সীমিত সুযোগ, অনানুষ্ঠানিক খাতের আধিক্য ও উচ্চ করহার। বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে ‘কান্ট্রি প্রাইভেট সেক্টর ডায়াগনস্টিক (সিপিএসডি)’ শিরোনামের এই প্রতিবেদন সম্প্রতি বিনিয়োগ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। প্রতিবেদনে বিশ্বব্যাংকের ২০২২ সালের তথ্য ব্যবহার করা হয়েছে। তবে দেশের ব্যবসায়ীরা বলছেন, বিনিয়োগের ক্ষেত্রে এসব বাধা আগের মতোই রয়েছে, অবস্থার তেমন উন্নতি হয়নি।

আইএফসির প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদীর বলেছেন, প্রতিবেদনে সঠিক তথ্যই তুলে ধরা হয়েছে। বিদেশিরা এখানে বিনিয়োগের আগে অবশ্যই এ প্রতিবেদন দেখে থাকবেন। সুতরাং এই চ্যালেঞ্জগুলো যেন ভবিষ্যতে না থাকে, সেটি নিশ্চিত করতে হবে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের প্রতিবেদনে কোন দেশ কত বিদেশি বিনিয়োগ পায়, তা তুলে ধরা হয়। সংস্থাটির ২০২৪ সালের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদনে দেখা যায়, ২০২৩ সালে সারা বিশ্বে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) পৌনে ২ শতাংশ কমলেও বাংলাদেশের কমেছে পৌনে ১৪ শতাংশ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, ২০২৩ সালে বাংলাদেশ ৩০০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ পেয়েছে। অন্যদিকে ভারত ২ হাজার ৮১৬ কোটি, ভিয়েতনাম ১ হাজার ৮৫০ কোটি, ইন্দোনেশিয়া ২ হাজার ১৬৩ কোটি, কম্বোডিয়া ৩৯৬ কোটি ও পাকিস্তান ১৮২ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ পায়। বাংলাদেশে আসা বিদেশি বিনিয়োগ সব সময়ই প্রত্যাশার চেয়ে কম বলে গণ্য করা হয়। আইএফসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে বিদেশি বিনিয়োগ মাত্র শূন্য দশমিক ৪ শতাংশ (২০২৩)। বাংলাদেশ অর্থনীতির যে গতি প্রত্যাশা করে তার বিপরীতে বিদেশি বিনিয়োগের হার অপর্যাপ্ত। বিদেশি বিনিয়োগের গন্তব্য হিসেবে বাংলাদেশ ভালো করছে না। যে বিনিয়োগ আসছে, তা মূলত দেশে ব্যবসারত বিদেশি কোম্পানিগুলোই করছে। নতুন কোম্পানি কম আসছে।

সাধারণত বিদেশি বিনিয়োগকারীরা দুটি বিষয় বেশি জানতে চাইছেন। তারা বাংলাদেশে ব্যবসা করলে সরকার কী কী সুবিধা দেবে, সেটি জিজ্ঞাসা করছেন। মূলত লালফিতার দৌরাত্ম্য কমাতে কী কী পদক্ষেপ নেওয়া হবে, সেটি তাদের জানার মূল বিষয়। আইএফসির প্রতিবেদনে বিদেশি বিনিয়োগ জরিপ ২০২৩-২৪-এর বরাত দিয়ে বলা হয়, এদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে রেগুলেটরি বা নিয়ন্ত্রণমূলক সমস্যা রয়েছে। এর মধ্যে রয়েছে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা, নীতির ঘন ঘন পরিবর্তন, সুশাসনের অভাব, আইনের জটিলতা, প্রাতিষ্ঠানিক অদক্ষতা, সমন্বয়ের অভাব ইত্যাদি।

বাংলাদেশের ২০২৩-২৪ অর্থবছরে জিডিপির অনুপাতে বিনিয়োগ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৭০ শতাংশ। অর্থনীতিবিদরা এ হারকে অপ্রতুল মনে করেন এবং তা কয়েক বছর ধরে কমছে। আইএফসির প্রতিবেদনে বলা হয়, দেশের কৌশলগত চারটি খাতে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ নিলে প্রতিবছর এসব খাতে প্রায় ৩৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে। খাত চারটি হলোÑ আবাসন, পেইন্ট অ্যান্ড ডাইস, তৈরি পোশাকশিল্প ও ডিজিটাল আর্থিক সেবা। প্রতিবেদনে বলা হয়, দেশের আবাসন খাতে ডিজিটাল ম্যাপিং, জমি নিবন্ধন ও জমির অতিরিক্ত দাম নিয়ে জটিলতা রয়েছে। আবার শিল্পের রঙের কাঁচামাল আমদানিতে শুল্কায়ন প্রক্রিয়ায় অনেক সময় লাগে; শুল্কের হারও অনেক বেশি। ডিজিটাল আর্থিক সেবায় মোবাইল ব্যাংকিংয়ে মার্চেন্টদের লেনদেন সীমা বাড়ানোর মতো কিছু জটিলতা আছে। কর্মসংস্থান বাড়াতে হলে এসব সমস্যা সমাধান করতে হবে। আইএফসি তাদের প্রতিবেদনে আরও বলেছে, স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণের পরে তাৎক্ষণিকভাবে বাংলাদেশি রপ্তানি পণ্যে শুল্কহার বেড়ে যাবে। কারণ, তখন পণ্য রপ্তানিতে বর্তমান বাজার সুবিধা থাকবে না। বিশেষ করে, ইউরোপের বাজারে সবচেয়ে বেশি হারে শুল্ক বাড়বে। ফলে প্রধান বাজারগুলোয় প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে হলে অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি পরিবেশ ও শ্রমসংক্রান্ত আন্তর্জাতিক মানদণ্ড পরিপালনে বিনিয়োগ করতে হবে।

আইএফসির প্রতিবেদন প্রকাশের পরে অনুষ্ঠানস্থলে দুটি পৃথক প্যানেল আলোচনা হয়। প্রথম প্যানেল আলোচনায় অংশ নেনÑ প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও বিশ্বব্যাংকের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন। প্যানেল আলোচনা দুটি সঞ্চালনা করেন আইএফসির বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার মার্টিন হোল্টম্যান।

অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির সঙ্গে আইএফসির সুপারিশগুলো কতটা সামঞ্জস্যপূর্ণÑ এমন প্রশ্ন করা হয় লুৎফে সিদ্দিকীর কাছে। জবাবে তিনি বলেন, আইএফসির প্রতিবেদনে যেসব বিষয় উল্লেখ করা হয়েছে, তা নতুন কিছু নয়। আগে থেকেই এসব সমস্যা রয়েছে। তবে আশার বিষয় হচ্ছে, বর্তমানে এসব সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা রয়েছে। বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর ভাষ্য হচ্ছে- সরকারের অন্যতম লক্ষ্য হলো, যত বেশি সম্ভব কর্মসংস্থান বাড়ানো। আইএফসির এসব সুপারিশ সরকারের কাজে সহায়ক হবে বলে মন্তব্য করেন। 

দ্বিতীয় প্যানেল আলোচনায় অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরিফ জহির দেশে ব্যবসার ক্ষেত্রে কয়েকটি প্রধান চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। তিনি বলেন, অবকাঠামো অন্যতম বড় সমস্যা। এটি সমাধান করা গেলে বর্তমান কর্মসংস্থানের পরিমাণ দু-তিন গুণ বাড়ানো সম্ভব হবে। এছাড়া পরিবহন ও সরবরাহ খাত, গ্যাস-বিদ্যুতের মতো বিভিন্ন পরিষেবা এবং শুল্ক-কর নিয়েও নিয়মিত সমস্যায় পড়তে হয় বলে জানান তিনি। তিনি বলেন, সব কটি সমস্যাই সমাধানযোগ্য। তবে এজন্য একটি সুস্পষ্ট পথনকশা থাকা আবশ্যক।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন ও এবিসি রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক শ্রাবন্তী দত্ত আলোচনা করেন আবাসন খাত নিয়ে। তিনি বলেন, ঢাকা শহরে জমির অতিরিক্ত দামের কারণে সাধারণ মানুষের জন্য কম খরচে আবাসন-সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না। মোট ব্যয়ের ৫০ শতাংশের বেশি চলে যায় জমির খরচ হিসেবে। অবশ্য ঢাকার বাইরে কম দামে জমি পাওয়া যায়; কিন্তু যোগাযোগ ও অন্যান্য নাগরিক সুবিধা কম থাকায় এ ধরনের আবাসনের চাহিদা কম থাকে। এ ক্ষেত্রে আবাসন কোম্পানিকে সহজ শর্তে ঋণ দেওয়া, দীর্ঘ মেয়াদে মর্টগেজ (জামানত রেখে ঋণ) সুবিধা দেওয়া, করছাড়, প্রণোদনাসহ বেশ কিছু নীতিসহায়তা প্রয়োজন।

আবাসনের জন্য স্বল্পমেয়াদি আমানত নিয়ে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া বাণিজ্যিক ব্যাংকের জন্য বাস্তবসম্মত নয়। গৃহঋণে সুদহার কম থাকায় ব্যাংকগুলো তাতে কম আগ্রহী হয়। এ ছাড়া আইনি অনেক জটিলতাও রয়েছে। এজন্য সরকারকে গৃহঋণের জন্য পৃথক আরও প্রতিষ্ঠান তৈরি করতে হবে। অনুষ্ঠানে নিপ্পন পেইন্টের হেড অব অপারেশনস অরুণ মিত্রা বক্তব্য রাখেন।

এ কথা সত্য যে, বিদেশী বিনিয়োগের জন্য অসাধারণ এক বাজার বাংলাদেশ। তারপরও দেশে বড় আকারে বিনিয়োগ আকৃষ্ট না হওয়ার কারণগুলো আমরা সবাই জানি। এই ক্ষেত্রে রয়েছে আর্থিক খাতে শৃঙ্খলার অভাব, রাজনৈতিক অস্থিরতা, বিনিয়োগ নীতির ধারাবাহিকতার অভাব অর্থাৎ বছর বছর বিনিয়োগ নীতির পরিবর্তন, বিনিয়োগে নিয়োজিত সংস্থাগুলোর সক্ষমতার অভাব ও আমলাতান্ত্রিক জটিলতা। এছাড়া বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে অতীতে যেসব উদ্যোগ গ্রহণ করার কথা, সেগুলো এখনও কোনো কার্যকারিতা দেখাতে পারেনি। উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক রূপান্তরে সরাসরি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই)। আশির দশক-পরবর্তী সময়ে ভিয়েতনাম, চীন, মেক্সিকো ও ভারতের মতো দেশগুলোর অর্থনৈতিক সম্প্রসারণে অবদান রেখেছে এফডিআই। বিশেষ করে ম্যানুফ্যাকচারিং খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি স্থানান্তর ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখার ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করে থাকে এফডিআই। 

স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও এখনও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা যায়নি। বাংলাদেশে বিদেশী বিনিয়োগ আকর্ষণ করতে চাইলে যেসব সমস্যা রয়েছে তা সমাধান করতে হবে। তাছাড়া এফডিআই আকর্ষণ করতে সবার আগে প্রয়োজন দেশের ব্র্যান্ডিং। বিনিয়োগবান্ধব সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি ব্যবসার জন্য আগে থেকে অনুধাবনযোগ্য একটি স্থিতিশীল ও দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। বিনিয়োগের নিরাপত্তা ও ব্যবসায়ীদের লাইসেন্সিংয়ের অধিকার প্রয়োগেরও সুযোগ নিশ্চিত করতে হবে। সর্বোপরি বিদ্যুৎ-জ্বালানির নিশ্চয়তাসহ বিনিয়োগকারীদের আকর্ষণে সরকারকে ধারাবাহিকভাবে প্রয়াস চালিয়ে যেতে হবে। 

আরেকটা বিষয় লক্ষণীয় ইতোমধ্যে গার্মেন্ট খাতে উৎপাদন খরচ ৫০ শতাংশ বেড়ে গেছে। ব্যাংক সুদের হারও বেড়ে গিয়ে ১৪-১৫ শতাংশে পৌঁছেছে, যা শিল্প কারখানাগুলোর জন্য অর্থনৈতিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে, যার ফলে পোশাক ও টেক্সটাইল শিল্প খাতে খরচ আরও বেড়ে যাবে বলে মনে করেন উদ্যোক্তারা। ব্যবসায়ীরা বলছেন, গ্যাস সরবরাহের অপ্রতুলতা অনেক শিল্প কারখানায় উৎপাদন কমিয়ে দিয়েছে, বিশেষ করে গাজীপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ এবং সাভারের শিল্প এলাকাগুলোতে। এখানে গ্যাস সংকটের কারণে ৫০-৬০ শতাংশ উৎপাদন কমে গেছে।অর্থনৈতিক এই দুরবস্থায় বিদেশি বিনিয়োগই বড় ভরসা।

আসলে বিনিয়োগ কমলে দেশের সার্বিক অর্থনীতি নেতিবাচক প্রভাব পড়েÑ এটাই স্বাভাবিক। জিডিপি কমে আসে, দেশে কর্মসংস্থান না হওয়ায় বেকারত্ব বাড়ে, আইনশৃঙ্খলার অবনতি হয়, যার কারণে সামাজিক অস্থিরতার সৃষ্টি হয়। অর্থাৎ সার্বিকভাবে ক্ষতির কারণ হয় দাঁড়ায়। এমতাবস্থায় বিনিয়োগ বাড়ানো ছাড়া বিকল্প নেই। কাজেই দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে হলে এ-সংক্রান্ত বাধাগুলো দূর করতে হবে। বিশেষ করে, জ্বালানির নিশ্চয়তা করতে হবে।

  • সাবেক কর কমিশনার ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ন্যাশনাল এফএফ ফাউন্ডেশন
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা