× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিবস

সমাজসেবার পরিসর বাড়ুক

দুলাল আচার্য

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫ ১০:৩৬ এএম

সমাজসেবার পরিসর বাড়ুক

সমাজসেবা হচ্ছে সুবিধাবঞ্চিত, দুর্দশাগ্রস্ত বা পিছিয়ে পড়া ব্যক্তি বা গোষ্ঠীকে সহায়তা করার উদ্দেশ্যে প্রদত্ত পরিষেবা। সহজ করে বললে সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে স্বেচ্ছায় গৃহীত কাজকে সমাজসেবা বলে। ব্যাপক অর্থে মানবকল্যাণ ও উন্নয়নের জন্য গৃহীত সব কর্মসূচিই সমাজসেবা।

সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের পিছিয়ে পড়া এবং অনগ্রসর জনগোষ্ঠীর মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্যবিমোচন, কল্যাণ, উন্নয়ন ও ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ ও সচিব ড. মো. মহিউদ্দিনের ঐকান্তিক প্রচেষ্টায় কল্যাণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে সামাজিক নিরাপত্তার আওতায় বয়স্ক-ভাতা, বিধবা-ভাতা, প্রতিবন্ধী-ভাতা, অ্যাসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা কার্যক্রমসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। বাংলাদেশের সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত দপ্তর এবং সংস্থাসমূহ এসব কার্যক্রম বাস্তবায়ন করছে। বিশেষ করে মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তার নানাস্তরে ভাতা প্রদান কার্যক্রম সুচারুভাবে পরিচালনা করে আসছে।

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গড়তে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে সরকারের সেবা পৌঁছে দেওয়াই জাতীয় সমাজসেবা দিবসের প্রতিপাদ্য। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশব্যাপী দিবসটি পালন করা হবে। তথ্যপ্রযুক্তির কল্যাণে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা জিটুপি পদ্ধতিতে ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। ১৯৭৮ সালে জাতিগঠনমূলক বিভাগ নামে এর কার্যক্রম শুরু হলেও ১৯৮৪ সালে সমাজসেবা অধিদপ্তর নামে আত্মপ্রকাশ ঘটে। ২০১২ সালে ২ জানুয়ারি দিনটিকে জাতীয় সমাজসেবা দিবস হিসেবে ঘোষণা করে সরকার।

পরিসংখ্যান বলছে, ২০২৩-২৪ অর্থবছরে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকারের সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচির আওতাধীন ভাতা ও শিক্ষা উপবৃত্তি পেয়েছেন ১ কোটি ১৫ লাখ ৭১ হাজার ৫৬৭ জন। বয়স্ক-ভাতা কর্মসূচিতে মাসিক ৬০০ টাকা হারে ৫৮.০১ লাখ জন, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা কর্মসূচিতে মাসিক ৫৫০ টাকা হারে ২৫.৭৫ লাখ জন, প্রতিবন্ধী ভাতা কর্মসূচিতে মাসিক ৮৫০ টাকা হারে ২৯ লাখ জন, হিজড়া জনগোষ্ঠীর বিশেষ-ভাতা কর্মসূচিতে মাসিক ৬০০ টাকা হারে ৫৬২০ জন, বেদে জনগোষ্ঠীর বিশেষ-ভাতা কর্মসূচিতে মাসিক ৫০০ টাকা হারে ৫০৬৬ জন এবং অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ-ভাতা কর্মসূচিতে মাসিক ৫০০ টাকা হারে ৫৪ হাজার ৩০০ জন ভাতার অর্থ জিটুপি পদ্ধতিতে পেয়েছেন।

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কর্মসূচিতে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চতর স্তরে মাসিক যথাক্রমে ৯০০, ৯৫০, ৯৫০ ও ১৩০০ টাকা হারে ১ লাখ জন, হিজড়া জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি কর্মসূচিতে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চতর স্তরে মাসিক যথাক্রমে ৭০০, ৮০০, ১০০০, ১২০০ টাকা হারে ৩০০ জন, বেদে জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি কর্মসূচিতে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চতর স্তরে মাসিক যথাক্রমে ৭০০, ৮০০, ১০০০, ১২০০ টাকা হারে ৩৯৯৮ জন এবং অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি কর্মসূচিতে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চতর স্তরে মাসিক যথাক্রমে ৭০০, ৮০০, ১০০০, ১২০০ টাকা হারে ২৬২৮৩ জন জিটুপি পদ্ধতিতে শিক্ষা উপবৃত্তির অর্থ পেয়েছেন।

শুধু তাই নয়, ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচিতে বার্ষিক একাকলীন ৫০ হাজার টাকা করে মোট ৪০ হাজার জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচিতে ৬০ হাজার জনকে বার্ষিক এককালীন ৫ (পাঁচ) হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে। আসলে সমাজসেবা হচ্ছে মানবিক দায়িত্ব। সেই দায়িত্ব সমাজসেবা অধিদপ্তর নিষ্ঠার সঙ্গে পালন করছে। সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম ও তাদের সাফল্যগাথা মানবকল্যাণ আরও দৃশমান হওয়া জরুরি।

  • সাংবাদিক
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা