× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেক্ষাপট

ছাত্ররাজনীতি যেমন হওয়া উচিত

হাবীব ইমন

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪ ০৯:৪২ এএম

ছাত্ররাজনীতি যেমন হওয়া উচিত

গত কয়েক বছরে ছাত্ররাজনীতি মানেই যেন হয়ে উঠেছিল প্রতিপক্ষের ওপর হামলা, নিজেদের মধ্যে মারামারি, চাঁদাবাজি, ছিনতাইসহ নানান অপকর্মে জড়িয়ে পড়া। এ ছাড়া বিভিন্ন ভর্তি পরীক্ষা ও নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গেও ছাত্রনেতাদের নাম আসার খবর সংবাদমাধ্যমে এসেছে। আমাদের সামনে দুর্বৃত্তপনার যেসব নতুন নতুন নজির হাজির হয়েছিল তা ছিল হতাশার, একই সঙ্গে গ্লানিরও। এ অব্স্থা থেকে উত্তরণের একটি পথ দেখিয়েছে আমাদের ছাত্রসমাজ। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাল্টে দিয়েছে দেশের ছাত্ররাজনীতি নিয়ে নেতিবাচক সব আলোচনা।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন বলেছিলেন, ‘ছাত্রজীবন থেকে যারা রাজনীতি করে তারাই প্রকৃত রাজনীতিবিদ হয়ে ওঠে।’ ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে কোনো-না-কোনোভাবে যুক্ত থাকলে আদর্শের দিক মানে একটা আইডিওলজি তৈরি হয়, পরবর্তী জীবনে যেটা ভীষণ দরকার। ছাত্ররাজনীতি মানে নিজেদের কর্তব্য নির্ধারণ করতে পারা এবং কর্তব্য পালনে দায়িত্বশীল থাকা, সাধারণ ছাত্রদের অধিকার আদায়ের ব্যাপারে সরব ও সচেষ্ট থাকা, প্রাতিষ্ঠানিক ও সামাজিক উন্নয়নে কাজ করা, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সচেতন থাকা ও মতপ্রকাশ করা, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি মুক্তচিন্তা ও বাক-স্বাধীনতার জন্য কাজ করা। এ ক্ষেত্রে ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতির লেজুড়বৃত্তি সম্পূর্ণভাবে বর্জন করা প্রয়োজন। ছাত্রসংগঠনগুলোকে শুধু খাতায়-কলমে রাজনৈতিক দল হতে বিচ্ছিন্ন করলেই হবে না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ছাত্ররাজনীতির সম্পূর্ণ বিচ্ছেদ না হলে এ পরিবর্তন অর্থহীন হবে। রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি এবং একদলীয় আধিপত্যের অবসান ঘটলে স্বাভাবিকভাবেই ছাত্রসংগঠন এ রকম বেহায়া দুর্বৃত্তপনার আখড়ায় পরিণত হবে না।

রাজনৈতিক রঙহীন ছাত্ররাজনীতি কেমন হতে পারে, তার উজ্জ্বল উদাহরণ তৈরি হয়েছে জুলাই-আগস্টের ছাত্র-আন্দোলনে। এই শিক্ষায় উজ্জীবিত হয়ে আমাদেরকে শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতি চর্চা বাড়াতে হবে। সেইসঙ্গে ছাত্ররাজনীতিতে কয়েকটা বিষয় মোটাদাগে থাকা উচিতÑ যার মাধ্যমে পাঠচক্র, বইপড়া, রাজনৈতিক তত্ত্ব ও সমসাময়িক বিষয়ে প্রশিক্ষণ, দেয়াললিখন কর্মশালা, সাহিত্য-সংস্কৃতি চর্চা জোরালো হবে। একই সঙ্গে বহুমত-বহুস্বরের পরিসর তৈরি করতে হবে। আমরা যারা ছাত্ররাজনীতি করেছি, নিজেরা জিঘাংসু মন নিয়ে আলোচনা করতাম, সেগুলো বোঝার চেষ্টা করতাম, কী ঘটছে, কেন হচ্ছে। তর্ক হতো, বিতর্ক হতো। তার ভেতর দিয়েই আমাদের রাজনীতি চর্চায় গতিপ্রকৃতি নির্ধারণ করতে পারতাম। তবে কারও রাজনৈতিক স্বাধীনতা হরণ করা যাবে না। কেউ যদি সংগঠন ও রাজনীতি করতে চায়, তাকে বাধা দেওয়া উচিত হয়। যার ইচ্ছা রাজনীতি করবে, যার ইচ্ছা হয় করবে না। কে কোন দলকে সমর্থন করবে, এটা তার ব্যক্তিগত স্বাধীনতা।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদকে কার্যকর করতে হবে। যেখানে শিক্ষার্থীরা তাদের বিষয়ে মন খুলে, প্রাণ খুলে কথা বলবেন। যে ধরনের ছাত্ররাজনীতির মধ্য দিয়ে শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক বিকাশ ঘটবে এবং নেতৃত্ব তৈরির পাইপলাইন হবে, সে ধরনের মার্জিত রাজনীতি প্রয়োজন। ছাত্র সংসদ কার্যকর হলে শিক্ষাপ্রতিষ্ঠানের রাজনৈতিক ও সাংস্কৃতিক আবহাওয়ারও বদল হবে। সবচেয়ে বড় কথা, সাধারণ ছাত্রদের অধিকার ও সুযোগ প্রতিষ্ঠিত না হলে শিক্ষার মহৎ লক্ষ্যও অপূর্ণ রয়ে যাবে। ছাত্ররা যদি সুস্থ রাজনীতির চর্চা করতে না পারে, তাহলে সবকিছু নষ্ট মানুষদের দখলে চলে যাবে। এজন্য প্রতিহিংসার বিকল্প হিসেবে ইতিবাচক, গঠনমূলক রাজনীতির ধারায় ছাত্ররাজনীতিতে আনতে হবে সংস্কার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা