× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিপ্রেক্ষিত

দেয়াললিখন পড়ুন

আর কে চৌধুরী

প্রকাশ : ২১ আগস্ট ২০২৪ ১২:৫৯ পিএম

দেয়াললিখন পড়ুন

দেশের অর্থনীতিতে দুরবস্থা চলছে দুই বছরের বেশি সময় ধরে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মাঠে নামে সংসদবহির্ভূত সব বিরোধী দল। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঝড় ওঠে রাজনৈতিক অঙ্গনে। মনে হচ্ছিল দেশে কর্তৃত্ববাদী শাসনের ইতি ঘটতে যাচ্ছে। এই মনে হওয়া দেশের অর্থনীতির জন্য ভিন্ন দিক থেকে বিপদ ডেকে আনে। লুটপাট করে হাজার হাজার কোটি টাকা আয় করেছে যারা, তারা বিদেশে অর্থ পাচারের ধারা জোরেশোরে শুরু করে। পরিণতিতে যে ডলারের দাম ছিল ৮৫-৮৬ টাকা তার দাম ১২০ টাকায় দাঁড়ায়। এর প্রভাব পড়ে দেশের অর্থনীতিতে। ব্যবসাবাণিজ্যের জন্য বিপর্যয় ডেকে আনে ডলার সংকট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩৬ দিনের লড়াইয়ে কর্তৃত্ববাদের পতন ঘটেছে ৫ আগস্ট। এ আন্দোলন-সংগ্রামে ধকল সহ্য করতে হয়েছে ব্যবসা খাতকে। ছাত্রদের আন্দোলনের সুযোগে সক্রিয় হয়ে ওঠে পেশাদার অপরাধীরা।

দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে শেখ হাসিনা সরকারের পতনের পর স্বভাবতই অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে ব্যবসাবাণিজ্যে প্রাণসঞ্চার, বিশেষ করে কলকারখানার নিরাপত্তা নিশ্চিত করা। এ দাবি নিয়ে এফবিসিসিআইয়ের সভাপতি সম্প্রতি সৌজন্য সাক্ষাতে মিলিত হন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। সাক্ষাৎকালে এফবিসিসিআই সভাপতি দেশের ব্যবসাবাণিজ্য গতিশীল করা, সাপ্লাই চেইন সচল রাখা, বন্দর ও মহাসড়ক সচল রাখা, সড়ক-মহাসড়কে চাঁদাবাজি বন্ধ, শিল্পকারখানার নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রম নিয়ে উপদেষ্টার সঙ্গে আলোচনা এবং তার সহযোগিতা কামনা করেন। এ সময় দেশের অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে ব্যবসায়ীসহ জনগণের জানমালের নিরাপত্তায় যথাযথভাবে দায়িত্ব পালনের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের বিশ্বাস, চাঁদাবাজি বন্ধ এবং নিরাপত্তা নিশ্চিত হলে ব্যবসায়ীদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে। ব্যবসাবাণিজ্যের টেকসই স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারও প্রাসঙ্গিকতার দাবিদার।

সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে ‘থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট-২০২৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভার্চুয়ালি বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সুষ্ঠু নির্বাচন সম্পর্কে তার প্রতিশ্রুতিবদ্ধ অবস্থান স্পষ্ট করেছেন। দায়িত্ব হাতে নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে এটিই প্রথম কোনো বহুপক্ষীয় সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। তিনি স্পষ্টভাবে বলেছেন, এখন তাদের কাজ নির্বাচনব্যবস্থা, বিচারব্যবস্থা, স্থানীয় সরকার, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষায় গুরুত্বপূর্ণ সংস্কার সাধন করা। যার মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত হবে। টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ ও নতুন বিশ্ব গড়ে তুলতে গ্লোবাল সাউথের কৌশলের কেন্দ্রবিন্দুতে তরুণ ও ছাত্রদের রাখার আহ্বান জানান। ভারতের প্রধানমন্ত্রীসহ গ্লোবাল সামিটে অংশ নেওয়া নেতাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে বলা হয়, অন্যথায় তারা গুরুত্বর্পূর্ণ কিছু মিস করতে পারেন। 

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল দেয়াললিখনের নগর-শহরে পরিণত হয়েছে। তরুণ শিক্ষার্থী এবং শিশুরা ৪০০ বছরের পুরোনো এ শহরের দেয়ালে ‘নতুন গণতান্ত্রিক’ বাংলাদেশের চিত্র দিয়ে রাঙিয়ে তুলছেন। আমরা সবক্ষেত্রে চাই জবাবদিহি ও সুশাসন নিশ্চিত হোক। তরুণদের দেয়াললিখনের ভাষা যেন সবাই বুঝতে পারেন। দেয়ালের ভাষা কিন্তু কঠিন নয়, সহজ; তাই না বুঝতে পারার কারণ নেই।

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান, রাজউক

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা