প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ জুন ২০২৬ ২০:৫৭ পিএম
লেনদেনের রেকর্ড গড়ছে নগদ। ছবি: নগদ
ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লেনদেনের ক্ষেত্রে এক অনন্য মাইলফলক স্পর্শ করেছে। সদ্য সমাপ্ত মে মাসে প্রতিষ্ঠানটি তাদের ইতিহাসের সর্বোচ্চ মাসিক লেনদেনের রেকর্ড গড়েছে। ঈদুল আজহা উৎসবকে কেন্দ্র করে এই মাসে শুধু মাসিক লেনদেনই নয়, বরং এক দিনে সর্বোচ্চ লেনদেন এবং সক্রিয় গ্রাহক সংখ্যাতেও নতুন রেকর্ড তৈরি হয়েছে।
নগদের দেওয়া তথ্যমতে, মে মাসে প্রতিষ্ঠানটির মাধ্যমে মোট ৪৪ হাজার ৬৩৯ কোটি টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। এর আগে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড ছিল চলতি বছরের মার্চ মাসে ৪১ হাজার ৪৬৯ কোটি টাকা এবং জানুয়ারি মাসে ৪০ হাজার ৩০১ কোটি টাকা। গত ছয় মাসের মধ্যে চার মাসই নগদ তাদের আগের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে।
ঈদুল আজহার আগের সপ্তাহে লেনদেনের চাপ ছিল আকাশচুম্বী। তথ্যানুযায়ী, গত ২৬ মে এক দিনেই লেনদেন হয়েছে ২ হাজার ১৭৭ কোটি টাকা। এর আগে ২৪ মে ২ হাজার ১৬২ কোটি এবং ২০ মে ২ হাজার ১০৫ কোটি টাকা লেনদেনের রেকর্ড হয়। মূলত ঈদের কেনাকাটা, ক্যাশ-আউট, রেমিট্যান্স গ্রহণ, মোবাইল রিচার্জ এবং সরকারি ভাতা বিতরণের মতো সেবাগুলোতে গ্রাহকদের ব্যাপক নির্ভরতার কারণে লেনদেনের এই উল্লম্ফন ঘটেছে।
নগদের এই অভাবনীয় সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটিতে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ। তিনি বলেন, নগদের এমনকিছু সেবা আছে যা গ্রাহকদের সহজে আকৃষ্ট করে। নগদে যেহেতু খরচ কম, আমাদের দেশের সাধারণ মানুষের কাছে নগদ অনেক জনপ্রিয়। আমাদের দেশে বিদ্যমান মোবাইল আর্থিক সেবাগুলোর মধ্যে নগদ এখনো সবচেয়ে কম টাকায় ক্যাশ আউট করার সুযোগ দিচ্ছে।
মোতাছিম বিল্লাহ আরও বলেন, এ ছাড়া অন্যান্য সার্ভিস যেমন সেন্ড মানি ফ্রি এবং নগদের মাধ্যমে রেমিট্যান্স গ্রহণ করলে গ্রাহকের সবচেয়ে বেশি লাভ হয়। ফলে নগদের প্রতি মানুষের আস্থা দিন দিন বাড়ছে। এই আস্থা বাড়ার ফলেই দিন দিন নিজেদের রেকর্ডগুলো নতুন করে লিখতে পারছে নগদ। এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা ভবিষ্যতে আরও অনেক বেশি লেনদেন করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি।