কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৪ ১৮:৪৮ পিএম
আপডেট : ০৯ মে ২০২৪ ১৯:৩২ পিএম
ফাইল ফটো
হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরের পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের হজ টার্মিনালে পৌঁছান ৪১৯ হজযাত্রী।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা।
বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের আরও স্বাগত জানান সৌদি ধর্ম মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার আয়েত আল-খোয়ামী, জেদ্দা বিমানবন্দরের সিইও ইঞ্জিনিয়ার মাজেন জাওয়াহার, সৌদি পাসপোর্ট অধিদপ্তরের প্রধান মেজর জেনারেল ফয়সাল আল রাজি, হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মহাপরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রহমান ও অন্যান্য কর্মকর্তা।
বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী হজযাত্রীদের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশন সবসময় হজযাত্রীদের পাশে রয়েছে বলে আশ্বাস দেন।
হজযাত্রীরা বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। সুন্দর ব্যবস্থাপনা এবং উষ্ণ অভ্যর্থনা পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। রোড টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২৫৭ জন পবিত্র হজ পালনের জন্য নিবন্ধন সম্পন্ন করছেন।