প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২০ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৫ পিএম
ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গাম্বিয়ার হাইকমিশনার মোস্তফা জাওয়ারা। প্রবা ফটো
গাম্বিয়ায় ভূমি ব্যবস্থাপনা ও জরিপ কার্যক্রমে বাংলাদেশের সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত গাম্বিয়ার হাইকমিশনার মোস্তফা জাওয়ারা।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আশা ব্যক্ত করেন গাম্বিয়ার হাইকমিশনার। সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে তারা সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় ভূমিমন্ত্রী বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ও এর ডিজিটালাইজেশনের বিভিন্ন পরিকল্পনার ব্যাপারে হাইকমিশনারকে অবহিত করেন।
মোস্তফা জাওয়ারা বলেছেন, ‘স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ বাংলাদেশের সামগ্রিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলছে।’
এ সময় বাংলাদেশের দ্রুত শিল্পায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন গাম্বিয়ার হাইকমিশনার। তিনি দুটি মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ ও গাম্বিয়ার মধ্যে গভীর ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপ্রতিম বন্ধনের কথা তুলে ধরেন। গাম্বিয়ার ভূমিসেবা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার ব্যাপারে ভূমিসেবায় ইউএন পাবলিক সার্ভিস পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের সক্ষমতার প্রতি আস্থা ব্যক্ত করেন তিনি।
ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ দুই দেশের মধ্যে কৌশলগত, বাণিজ্যিক ও বিশ্ব অংশীদারত্বমূলক সম্পর্ককে আরও নিবিড় করার ব্যাপারে তার দৃঢ় আশাবাদ ব্যক্ত করে হাইকমিশনারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও গাম্বিয়ার সরকার এ ব্যাপারে ইতিবাচক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলবে।
সাক্ষাৎকালে ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহিদ হোসেন পনির, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা উইংয়ের মহাপরিচালক এএফএম জাহিদুল ইসলামসহ ভূমি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও গাম্বিয়ার হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে গাম্বিয়ার হাইকমিশনারকে বাংলাদেশে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বিষয়ে একটি ভিজ্যুয়াল প্রেজেন্টেশনও দেওয়া হয়।