সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪ ১৮:৫৫ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪ ২১:১৭ পিএম
যমুনা সার কারখানা। ছবি : ফাইল ফটো।
গ্যাস সংকটে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের সর্ববৃহৎ ও একমাত্র দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার (জেএফসিএল) উৎপাদন ফের বন্ধ করে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। সোমবার (১৫ জানুয়ারি) বেলা ৩টার দিকে উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানান কারখানার মহাব্যবস্থাপক ( প্রশাসন) দেলোয়ার হোসেন।
তিনি বলেন, ‘গ্যাসের চাপ কমে যাওয়ায় বিকালে সার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।’
কারখানা সূত্রে জানা গেছে, এর আগে গ্যাস সংকটের কারণে ৫ সেপ্টেম্বর সার উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দীর্ঘদিন বন্ধ থাকার পর একই বছরের ১ নভেম্বরে গ্যাস সরবরাহ নিশ্চিত করে তিতাস কর্তৃপক্ষ। পরদিন ২ নভেম্বর উৎপাদনে ফেরে যমুনা সার কারখানা। এর ৭৩ দিনের মাথায় আজ আবারও গ্যাস সংকটের মুখে পড়ল কারখানাটি।
১৯৯১ সালে যমুনা সার কারখানা প্রতিষ্ঠিত হয়। শুরুতে কারখানাটির দৈনিক উৎপাদন সক্ষমতা ছিল ১ হাজার ৭০০ টন। পরে তা ১ হাজার ৩০০ টনে নেমে আসে। বর্তমানে কারখানাটি দেশের ১৬ জেলার সারের চাহিদা মিটিয়ে থাকে।