প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩ ১৯:৪৪ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩ ১৯:৫৬ পিএম
মেয়ের অকাল মৃত্যুতে কান্না করছেন মা।
রাজধানীর আজিমপুর ডে-কেয়ার সেন্টারে শিশু মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির ইনচার্জ রেজিনা ওয়ালীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার দিন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকায় দায়িত্বে অবহেলার অভিযোগে তাকে বরখাস্ত করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান
স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২১ ডিসেম্বর
থেকেই সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর হবে। সাময়িক বরখাস্তকালীন সময়ে রেজিনা ওয়ালী
প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।
গত ২০
ডিসেম্বর আজিমপুর ডে-কেয়ার সেন্টারে সেবা গ্রহণকালে গুরুতর অসুস্থ হয়ে পড়ে
উম্মে আলিফা নামের এক শিশু। তাকে প্রথমে আজিমপুর ম্যাটার্নিটি (আজিমপুর মাতৃসদন ও শিশু
স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান) হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উম্মে আলিফার মৃত্যু
বালতির পানিতে ডুবে হয়েছে বলে জানায় ডে-কেয়ার কর্তৃপক্ষ। তবে আলিফার বাবা হাকিবুল হাসানের দাবি, আলিফাকে হত্যা করা হয়েছে। আলিফার
মাথা ও দুই চোখে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায়
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) হাকিবুল হাসান বাদী হয়ে লালবাগ থানায় মামলা করেছেন। মামলার এক নম্বর আসামি ডে-কেয়ার সেন্টারের অফিসার ইনচার্জ রেজিনা
ওয়ালী।