প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩ ২২:৫৪ পিএম
ট্রেনে কক্সবাজার থেকে ঢাকায় আসতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা। সংগৃহীত ছবি
ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে আজ শুক্রবার। প্রথম দিনে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে কক্সবাজার থেকে ঢাকায় এসে বেশ উচ্ছ্বসিত যাত্রীরা। নতুন এই রেলপথে প্রথম দিনে যাতায়াত করে ইতিহাসের স্বাক্ষী হয়েছেন তারা। সড়ক পথের ভোগান্তি এড়িয়ে ৫৩৫ কিলোমিটার সমান্তরাল রেলপথে পাড়ি দিয়ে স্বস্তি যাত্রীদের চোখে মুখে।
শুক্রবার (১ ডিসেম্বর) রাত সাড়ে নয়টায় রাজধানীর কমলাপুরের ঢাকা রেলওয়ে স্টেশনে প্রথমবার ঢাকা-কক্সবাজার রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে প্রথম দিনে ঢাকায় আসা যাত্রীদের সঙ্গে কথা বলে এমনটাই জানা যায়।
ঢাকা-কক্সবাজার রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ট্রেনটি আজ থেকে চলাচল শুরু হয়েছে। দুপুর ১২টা ৪০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন ছাড়ে। প্রায় ১ হাজার ১০ জন যাত্রী নিয়ে ঢাকায় পৌছায় রাত ৯ টা ৩৮ মিনিটে।
ট্রেন থেকে নেমে সোবা তাসফিয়া নামের এক যাত্রী বলেন, ট্রেন যাত্রা অনেকটা স্বস্তিদায়ক হয়েছে। ট্রেনে আসার কারণে সময় কম লেগেছে। বাচ্চা নিয়ে আসতে কোনো অসুবিধা হয়নি। প্রথমবার যাত্রা করে বেশ ভালো লেগেছে।
সাদ্দাম হোসেন নামের আরেক যাত্রী বলেন, প্রথমবার ঢাকায় ট্রেনে এসেছি। এটা ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম। নানা প্রয়োজনে এখন সহজেই ঢাকা থেকে কক্সবাজার যেতে পারবো।
ট্রেনটিতে পরিবার নিয়ে কক্সবাজার থেকে ঢাকায় আসা ড. সদ্বীপ সরকার নামের এক যাত্রী বলেন, গতকাল কক্সবাজার গিয়েছিলাম আর আজকেই ট্রেনে করে কক্সবাজার থেকে ঢাকায় ফিরেছি। প্রথম দিনে ট্রেনটিতে চড়ার উদ্দেশ্যেই টিকিট কেটেছিলাম। প্রথম দিনে ট্রেনটিতে পরিবার নিয়ে চড়তে পেরে বেশ ভালো লাগছে।