প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩ ১৫:২৬ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩ ১৬:১৭ পিএম
ফাইল ছবি
জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বিদেশ থেকে আসতে আগ্রহী পর্যবেক্ষকদের ব্যবস্থাপনা, তাদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ নানা বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছে নির্বাচন কমিশন ( ইসি)।
আগামী ২৮ নভেম্বর বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো.জাহাংগীর আলম সভাপতিত্ব করবেন। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
গত ২৩ নভেম্বর নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল আলমের সই করা চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নিরাপত্তা ছাড়পত্র, ভিসা প্রসেসিং, অন অ্যারাইভাল ভিসার ব্যবস্থা করা, এয়ারপোর্ট হেল্পডেস্ক স্থাপন, মিডিয়া সেল স্থাপন, স্বাস্থ্যসেবা প্রদান ও নিরাপত্তাসহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আগামী ২৮ নভেম্বর বেলা ১১টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নং-৫২০, নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকা) এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।
সভায় যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয় এমন একজন প্রতিনিধিকে মনোনয়ন দিয়ে যথাসময়ে উপস্থিত থাকার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য নির্বাচন কমিশন অনুরোধ জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা, হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁয়ের মহাব্যবস্থাপক বরাবর চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।