প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩ ১০:১৯ এএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩ ১৭:১৪ পিএম
ছবি: সংগৃহীত
আলু ও ডিম আমদানি শুরু হলেও রাজধানী ও আশপাশের বাজারগুলোতে এ দুটি পণ্যের দামে কোনো প্রভাব এখনও পড়েনি। ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকা হালি। আলু ৬০ থেকে ৬৫ টাকা কেজি। আমদানি করা পেঁয়াজের কেজি ১১০-১২০ টাকা। দেশি পেঁয়াজের দাম ১৪০-১৫০ টাকা। সোমবার (৬ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজার থেকে ৬৫ টাকা কেজিতে আলু ও দেশি পেঁয়াজ ১৫০ টাকা করে কেনার কথা জানিয়েছেন আরমান সজীব নামে একজন ক্রেতা। প্রতিটি ডিম কিনেছেন ১২ টাকা করে। সাভার বাসস্ট্যান্ড বাজার ও সাভার নামাবাজারে গতকাল প্রতি কেজি আলু ৬০ টাকা ও দেশি পেঁয়াজ ১৪০ এবং আমদানি করা পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
গত ২ নভেম্বর দেশে প্রথমবারের মতো দিনাজপুরের হিলি ও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা ২৩২ টন আলু দেশে আসে। এতে তাৎক্ষণিকভাবে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, টাঙ্গাইল ও বগুড়ায় প্রতি কেজি আলুতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছিল। তবে তার প্রভাব রাজধানী ও তার আশপাশের বাজারগুলোতে পড়েনি।
অন্যদিকে গত ১৬ সেপ্টেম্বর থেকে তিন দফায় ১৫ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়। দীর্ঘ অপেক্ষার পর গত রবিবার যার প্রথম চালান দেশে এসেছে। এদিন যশোর স্থলবন্দর দিয়ে ৬১ হাজার ৯৫০ পিস ডিম আমদানি করে ডিজায়ার অ্যাকশন স্যাটিসফেকশন করপোরেশন (বিডিএস) নামে একটি প্রতিষ্ঠান। এর স্বত্বাধিকারী দীপংকর সরকার জানান, সেসব ডিম গতকাল ঢাকায় এনে বিক্রি করে দেওয়া হয়েছে। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ঢাকায় প্রতিদিন প্রায় ৪ কোটি পিস ডিম দরকার হয়। সেখানে ৬২ হাজার ডিম কিছুই না। আমরা ১ কোটি পিস ডিম আমদানির অনুমতি পেয়েছি। আশা করি, বাকি ডিমও এ মাসেই আমদানি করতে পারব।
দীপংকর সরকার বলেন, প্রতিটি ডিমের বিক্রয়মূল্য ১০ টাকা বেঁধে দেওয়া হয়েছে। শুল্ক কমানো হলে আমদানি করা ডিম আরও কম দামে বিক্রি করা যাবে। বর্তমানে এলসি খুলতে প্রতি ডলারের বিপরীতে ১২২ টাকা দিতে হচ্ছে। অথচ বাংলাদেশ ব্যাংকের ডলার রেট ১১১ টাকা। আমাদের ১১ টাকা বেশি দিতে হচ্ছে। ৬২ হাজার ডিম আমদানি করতে গিয়ে আমাকে ১ লাখ ১২ হাজার ৯৫০ টাকা শুল্ক দিতে হয়েছে।
এদিকে গতকাল সোমবার পর্যন্ত ১ লাখ ৬২ হাজার টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে বলে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দীপংকর সরকার জানান, সোমবার তার ৩২ টনসহ মোট ১৫০ টন আলু যশোর স্থলবন্দরে খালাসের অপেক্ষায় ছিল। কিন্তু বন্দরটি দিয়ে আলু খালাসের অনুমতি দেওয়া হচ্ছে না। এগুলো আগামীকাল হিলি ও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে খালাস হবে বলে তিনি জানান।
ডিমের দাম কমার ব্যাপারে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ) সভাপতি সুমন হাওলাদার গতকাল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এখন থেকে ট্রাকসেলে সাদা ডিম ১১ টাকা ও লাল ডিম ১১ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করা হবে। এ সময় তিনি আক্ষেপ করে বলেন, এতদিন পর্যন্ত করপোরেট কোম্পানিগুলো ডিমের দাম কমায়নি।
তেজগাঁও ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. আমান উল্লাহ বলেন, ডিমের দাম কমে যাচ্ছে। নভেম্বর-ডিসেম্বর মাসে প্রচুর শাকসবজি বাজারে ওঠে। এতে ডিমের দাম কমে যায়। আগামীতে ডিমের দাম আরও কমে যাবে।