কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩ ১৮:০৮ পিএম
বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫০ মিলিয়ন ইউরোর ঋণ সহায়তা চুক্তি সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রবিবার (২২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর বেলজিয়াম সফর নিয়ে ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, আগামী ২৫-২৬ অক্টোবর প্রথমবারের মতো ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে ফোরাম আয়োজন করতে যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। এতে অংশ নিতে ২৪ অক্টোবর সকালে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫০ মিলিয়ন ইউরোর ঋণ সহায়তা চুক্তি সই হবে।
তিনি জানান, এ চুক্তিটি বাংলাদেশে ব্যাংকটির অধিকতর বিনিয়োগের পথ প্রসারিত করবে বলে আশা করা যায়। সফরের সময় সরকার এবং ইউরোপিয়ান কমিশনের মধ্যে বাংলাদেশের সামাজিক খাতে ৭০ মিলিয়ন ইউরোর পাঁচটি আলাদা অনুদান চুক্তি স্বাক্ষর হবে।