× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩ ২০:৩৪ পিএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩ ২১:০২ পিএম

চার সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চার সদস্যের পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত দুই মাস বাংলাদেশ অবস্থান করবে পর্যবেক্ষক দলটি। নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এ তথ্য জানান। 

অশোক কুমার দেবনাথ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ইইউ থেকে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে পর্যবেক্ষক দল পাঠানোর কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন তাদের চিঠি পেয়েছে। চার সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে সংস্থাটি। চিঠিতে বলা হয়েছে, ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত তারা বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য অবস্থান করবে। নির্বাচন পর্যবেক্ষণের পর নির্বাচন শেষে তারা একটি প্রতিবেদন দাখিল করবে বলেও জানিয়েছে। তারা নির্বাচনের তফসিলের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে অবস্থান করবে। 

এর আগে ২০ সেপ্টেম্বর ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে লেখা এক চিঠিতে উল্লেখ করেন, অনুসন্ধানমূলক মিশনের সুপারিশের ভিত্তিতে এবং ২০২৩-২৪ সালের জন্য ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশনের বাজেট বিবেচনায় নিয়ে হাই রিপ্রেজেন্টেটিভ জোসেপ বোরেল পূর্ণমাত্রার নির্বাচন পর্যবেক্ষণ মিশন না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইইউর যে শর্ত আছে, সেগুলো বাংলাদেশে এখন বা যখন নির্বাচন হবে তখন পূরণ হবে কি না, তা স্পষ্ট নয়। 

ইইউ রাষ্ট্রদূত তার চিঠিতে আরও উল্লেখ করেন, পূর্ণমাত্রার নির্বাচন পর্যবেক্ষণ মিশন না পাঠানোর সিদ্ধান্ত সত্ত্বেও ইইউ বাংলাদেশের নির্বাচন কমিশন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্বাগত জানানো সাপেক্ষে নির্বাচনী পর্যবেক্ষণ প্রক্রিয়ার অন্যান্য বিকল্প পথ অনুসন্ধান করছে। 

ওই চিঠির আগে নির্বাচন কমিশন নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর বিষয়ে পরামর্শ, উপযোগিতা ও সম্ভাব্যতা মূল্যায়নের লক্ষ্যে একটি নির্বাচনী অনুসন্ধানী মিশন পাঠাতে ইইউকে আমন্ত্রণ জানিয়েছিল। সে আমন্ত্রণে সাড়া দিয়ে ৬ থেকে ২২ জুলাই ওই মিশন নির্বাচন কমিশনসহ বেশ কিছু অংশীদারের সঙ্গে মতবিনিময় করে।

রবিবার (১৫ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন পর্যবেক্ষণের জন্য ছোট একটি দল পাঠাতে রাজি ইউরোপীয় ইউনিয়ন, কিন্তু এর খরচ বহন করতে হবে বাংলাদেশকে। আমরা এগুলোতে খুব একটা আগ্রহী না।’

তবে পর্যবেক্ষক দলটি নিজেদের খরচেই আসছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা