× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসির সঙ্গে বৈঠক

শান্তিপূর্ণ বিশ্বাসযোগ্য নির্বাচন চায় যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩ ১৩:৫৬ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৩ ১৪:৩৪ পিএম

ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করেন নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। প্রবা ফটো

ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করেন নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। প্রবা ফটো

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলটি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানান, তারা (পর্যবেক্ষক দল) একটি অবাধ-নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায়।

মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১টায় ইসির সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকে বসেন পর্যবেক্ষক দলের সদস্যরা।

আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠকে সিইসি ছাড়াও অন্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। আর ওয়াশিংটনভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রাক-নির্বাচন প্রতিনিধিদলে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট-আইআরআই থেকে বনি গ্লিক, জামিল জাফের, জোহানা কাউ, কার্ল রিক এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট-এনডিআই থেকে মারিয়া চিন বিনতি আব্দুল্লাহ, মনপ্রিত সিং আনন্দ ও ক্রিগ হলস্টেড উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সদস্যদের কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘তারা জানতে চেয়েছেন নির্বাচন কমিশনের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে। আমরা আমাদের দায়িত্বের বিষয়টি তাদের বলেছি।’

তিনি বলেন, ‘নির্বাচনে কমিশনের কী ভূমিকা, কমিশন কীভাবে ভূমিকা রাখে, সরকারের ভূমিকা কতটুকু, তারা কীভাবে ভূমিকা রাখে, সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের সমন্বয় কীভাবে হয় এবং যার মাধ্যমে আমরা পুরো নির্বাচী প্রক্রিয়াটা তুলে নিয়ে আসি– এটা তাদের জানিয়েছি। তারা যা যা জানতে চেয়েছে, তারা জেনেছে। এখন তারা জেনে কী করবে, সেটা আমরা জানি না। হয়তো উনারা দেশে ফিরে গিয়ে সিদ্ধান্ত নেবেন।’

নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে কিছু জানিয়েছে কি না এমন প্রশ্নে সিইসি বলেন, ‘এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। তারা মূল্যায়ন করতে এসেছেন। তাদের মূল ফোকাস হচ্ছে তারা অবাধ-নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ বিশ্বাসযোগ্য নির্বাচন চায়।’

এর আগে গত ১১ জুলাই ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। তারা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকেও অংশ নেয়। পরে তাদের প্রতিবেদনের ভিত্তিতে বাজেট স্বল্পতার জন্য আগামী সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত জানায় ইউরোপীয় ইউনিয়ন। তবে তারা ছোট পরিসরে একটি পর্যবেক্ষক দল পাটানোর কথা জানিয়েছে।

এরপরই এসেছে ৭ অক্টোবর ঢাকায় এসে পৌঁছান যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সাত সদস্য। প্রতিনিধিদলের সদস্যরা গতকাল সোমবার বিএনপি ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

ঢাকার মার্কিন দূতাবাসের সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে প্রাক-নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবে। এরই অংশ হিসেবে প্রতিনিধিদলটি ঢাকায় সফরে এসেছে।

ঢাকার মার্কিন দূতাবাসের সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য এনডিআইয়ের নীতিমালার ঘোষণা অনুযায়ী একটি যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করতে তারা এসেছেন। সফরকালে পর্যবেক্ষক দলের সদস্যরা সুশীল সমাজ, রাজনৈতিক দল, নাগরিক সংগঠন স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান এবং বাংলাদেশে কাজ করা বিদেশি দূতাবাস ও বিভিন্ন হাইকমিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা