প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩ ২০:৩৪ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৩ ২০:৫৭ পিএম
ফাইল ছবি।
ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্যের মৃত্যুর ঘটনায় আসন দুটি শূন্য হয়ে গেছে। সংসদের এই দুটি শূন্য আসনের উপনির্বানের বিষয়ে মঙ্গলবার (৩ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) সভায় সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছে কমিশনের একটি সূত্র।
নির্বাচন কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কেএম আব্দুস সালাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি কমিশনে পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে শূন্য হয়ে যাওয়া আসন দুটির বিষয় উল্লেখ করা হয়েছে। বিষয়টিকে কমিশন সভায় আলোচ্য বিষয়েও অন্তর্ভুক্ত করা হয়।
ব্রাহ্মনবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত আব্দুস সাত্তার ভূঞা এবং লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন একেএম শাহজাহান কামাল। গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর একটি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন।
সংবিধান অনুযায়ী, সংসদের শূন্য হওয়া আসন পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে উপনির্বাচন সম্পন্ন করতে হয়। সেই হিসাবে চলতি বছরের ২৮ ডিসেম্বরের মধ্যে এই দুটি আসনের উপনির্বাচন সম্পন্ন করতে হবে।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হবে ২ নভেম্বর থেকে। নভেম্বরের মাঝামাঝি ঘোষণা হতে পারে সংসদ নির্বাচনের তফসিল। সেই হিসেবে এ সময়ে উপনির্বাচনটির সম্ভাব্যতা নিয়েও সংশয়ের কথা জানিয়েছেন ইসির একাধিক কর্মকর্তা। তারা এ-ও বলছেন, সংবধিান অনুযায়ী উপনির্বাচনের সময় বেঁধে দেওয়া হয়েছে, তাই এক্ষেত্রে নির্বাচন হতে কোনো আইনি জটিলতা নেই।
একটি উপনির্বাচন সম্পন্ন করতে ৪০ দিনের মতো সময় প্রয়োজন হয় বলে জানিয়েছেন ইসির দায়িত্বশীল একাধিক কর্মকর্তা। এক্ষেত্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ৪০ দিন সময় হাতে পাওয়া নিয়ে সংশয় রয়েছে। তবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরও উপনির্বাচন হতে কোনো বাঁধা নেই বলে জানান তারা।