প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২২ ১৬:২২ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২২ ১৭:৫৩ পিএম
জঙ্গি হামলায় সাজাপ্রাপ্ত মোয়াজ। ছবি : প্রবা
প্রায় এক যুগ পালিয়ে থাকার পর নুর আলম মোয়াজ নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাহিনীটি বলছে, ২৯ বছর বয়সি মোয়াজ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।
পুলিশ জানিয়েছে, সোমবার (১৭ অক্টোবর) মধ্যরাতে গাজীপুরের কালিয়াকৈর এলাকার নিশ্চিতপুরের মৌচাক গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
মঙ্গলবার (১৮
অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউর মিডিয়া বিভাগের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসলাম খান।
তিনি বলেন, ‘মোয়াজের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় একটি বিস্ফোরক আইনে মামলা হয়েছে। ওই মামলায় ২০১১ সালে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। সেই মামলার অন্যতম আসামি এ মোয়াজ।’
আসলাম বলেন, ‘২০১০ সালে হাটহাজারী এলাকায় পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় তার সঙ্গী শামীম হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। সে জানায় এ ঘটনায় মোয়াজও জড়িত। পরে মোয়াজ গ্রেপ্তার এড়াতে পালিয়ে ছিলেন। ১২ বছর ধরে তিনি চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় গার্মেন্টসকর্মী হিসেবে কাজ করেছেন। এ ছাড়া বিভিন্ন ছদ্মবেশে ছিলেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রবা/এমআর/এমআই